২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সরকারের স্থবিরতা সহসাই কাটছে না

যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রমে স্থবিরতা সহসাই কেটে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 08:33 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

স্থবিরতা কাটানোর চেষ্টায় বাজেট নিয়ে অচলবস্থার দূর করতে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কংগ্রেস নেতাদের অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হয়েছে।

কংগ্রেসের রিপাবলিকান স্পিকার জন বোয়েনের, সিনেটের ডেমোক্র্যাট নেতা হ্যারি রেইড, রিপাবলিকান সিনেট নেতা মিচ ম্যাককোনেল ও অন্যান্য ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে ওই বৈঠকে বসেছিলেন ওবামা।

যুক্তরাষ্ট্র সরকার যে বাজেট শূন্যতার মুখে পড়েছে তা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে এই বৈঠক করা হয়। এ বাজেট শূন্যতার কারণেই স্থবির হয়ে পড়েছে সরকারি কাজকর্ম।

বৈঠকে কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি না হওয়ায় সঙ্কট কাটছে না সহসাই।

কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা বলছেন, প্রেসিডেন্ট ওবামা স্বাস্থ্য পরিষেবা বিল এক বছরের জন্য স্থগিত করলেই তারা সরকারের বাজেট প্রস্তাব পাস করে দেবেন।

কিন্তু ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যসেবা বিলে সমর্থন জানিয়ে বলছেন, তারা রিপাবলিকানদের দাবি মানবেন না।

বুধবার বৈঠকের এক পর্যায়ে বিষয়টি নিয়ে বিরোধে হোয়াইট হাউজ ছেড়ে বেরিয়ে যান জন বুয়েনের। অন্যদিকে, হ্যারি রেইডও কোনো আপোষ না করার অবস্থানেই অটল থাকেন।

দুই পক্ষের অনঢ় অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রে সরকার অচল হয়ে এরই মধ্যে অর্থনীতির জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

চলমান এ বাজেট সঙ্কট দূর না হলে দেশের অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়বে বলে সতর্ক করেছেন ওবামা।

কিন্তু শুধু বাজেটই নয় সামনে আছে আরো একটি সঙ্কট যা এর চেয়েও মারাত্মক।

আর তা হচ্ছে ঋণসীমা বাড়ানো। ঋণসীমা বাড়ানো না গেলে সরকারের খরচের অর্থ ফুরিয়ে আসবে ১৭ অক্টোবরেই।