২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে!

মাত্র ১০ বছর বয়সী এক বালক সুইস ফাইনাল হাইস্কুল ম্যাথ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন ঐতিহ্যবাহী জুরিখ বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে একটি বিশেষ কোর্সে পড়াশোনা করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় বলে এনডিটিভি জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাইকেল হেনগার্টনার জানান, ম্যাক্সিমিলান জ্যানিসচ নামের ওই ছেলেটিই সবচেয়ে কম বয়সী হিসেবে বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে পড়াশোনা করার সুযোগ পেয়েছে।

ছেলেটির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “সে খুবই বুদ্ধিমান শিশু। এই বয়সেই সে অনেক কিছু বুঝতে পারে।”

জার্মান বংশোদ্ভূত জ্যানিসচের বাবা গণিতের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক।

একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র জ্যানিসচকে এরই মধ্যে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

কিন্তু হাইস্কুল ডিপ্লোমা শেষ না করা পর্যন্ত সে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না।

এ বছরের শুরুতে সুইজারল্যান্ডের একটি সাপ্তাহিক ম্যাগাজিনে জ্যানিসচ নিজের সম্পর্কে বলেছিল, সে বন্ধু বানাতে পারদর্শী নয়।

“আমি এমন কাউকে খুঁজে পাই না যার সঙ্গে আর্কিমিডিসের সূত্র নিয়ে আলোচনা করতে পারি। এমনকি বেশিরভাগ মানুষ জানেই না গাউচ (উনবিংশ শতাব্দীর বিখ্যাত জার্মান গণিতবিদ কার্ল ফ্রিডেরিচ) কে ছিলেন।”