২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিরুদ্ধতা করলে ইরানের নিষেধাজ্ঞা কঠোর করুন’

ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর উদ্যোগ ও পশ্চিমাদের সঙ্গে ফের আলোচনা শুরু করলেও নিউক্লিয়ার আকাঙ্ক্ষা থেকে না সরলে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো কঠোর করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Oct 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎকালে নেতানিয়াহু এ আহ্বান জানান।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু হওয়া কূটনৈতিক সম্পর্ক নিয়ে উদ্বিগ্নবোধ করছে ইসরায়েল। ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক গেলে টেলিফোনে সরাসরি তার সঙ্গে কথা বলেন ওবামা। গত ত্রিশ বছরের মধ্যে দুটি দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এটিই প্রথম সাক্ষাৎ।

ওবামা-রুহানির শুক্রবারের ফোনালাপের তিনদিন পর হোয়াইট হাউসে গেলেন নেতানিয়াহু। কূটনৈতিক সম্পর্কহীন দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপে নিউক্লিয়ার ইস্যু নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের বিদ্যমান অচলাবস্থার অবসান হবে এমন প্রত্যাশা ছড়িয়ে পড়েছে।

কিন্তু প্রত্যাশার এই আবহাওয়া ইসরায়েলের জন্য অস্বস্থির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের ধারণা, এসব কূটনৈতিক সুবাতাসের ধুয়া তুলে ইরান নিউক্লিয়ার বোমা বানানোর জন্য প্রয়োজনীয় সময় পাওয়ার চেষ্টা করছে ও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে চাইছে।

এ বিষয়ে নেতানিয়াহুকে আশ্বস্ত করে ওবামা বলেন, বাস্তব পদক্ষেপ নেয়ার মধ্যমে ইরানকে তার আন্তরিকতার প্রমাণ দিতে হবে, এর আগে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে না।

সব কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রস্তুত আছে বলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানান ওবামা।

তবে ইরানের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইসরায়েলি প্রস্তাবে আগ্রহ দেখাননি ওবামা। বিরাজমান নিষেধাজ্ঞায় তেল ক্ষেত্রসহ ইরানের অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানান তিনি ।

তিনি বলেন, “উচ্চমানের যাচাই-বাছাইয়ের পরই আমরা নিষেধাজ্ঞা শিথিল, যা ইরান চাচ্ছে বলে আমি ধারণা করছি, করবো।”

নেতানিয়াহু “বিশ্বাসযোগ্য সামরিক হুমকির” কথা তুললে এবারও ওবামা তাকে থামিয়ে দেন। নেতানিয়াহুকে তিনি জানান, ইরানের নিউক্লিয়ার অস্ত্র থাকবে না, এটি নিশ্চিত করার জন্য সামরিক পদক্ষেপের বিকল্পসহ কোনো বিকল্পকেই বিবেচনার বাইরে রাখা হচ্ছে না।

আগের সাক্ষাৎগুলোতে ওবামা-নেতানিয়াহুর সম্পর্কে নাজুকতা তৈরি হলেও এবারের সাক্ষাতে সে ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আলোচনাকালে দুজনের মধ্যে কোনো উত্তেজনা প্রকাশ পায়নি।

হোয়াইট হাউসের প্রেসিডেন্ট দপ্তরে পাশাপাশি বসে তারা কথা বলেছেন, হাসিও বিনিময় করেছেন। ওবামার সঙ্গে নেতানিয়াহুর আড়াই ঘন্টার এই বৈঠকে দুপুরের খাবারও একসঙ্গে খেয়েছেন দুনেতা।

ওদিকে, নিউক্লিয়ার বোমা বানানোর চেষ্টার অভিযোগ ইরান বরাবরই অস্বীকার করে আসছে। নিজের নিউক্লিয়ার প্রকল্পকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করে আসছে দেশটি।