‘ইরানের মিষ্টি কথায় ভুলবেন না’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে ইরানের “মিষ্টি কথায়” না ভোলার জন্য সতর্ক করে দেবেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু।
এছাড়া ইরান যেন নিউক্লিয়ার বোমা তৈরি করতে না পারে সে বিষয়ে চাপ বজায় রাখার আহ্বানও জানাবেন।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইসরায়েলি প্রেসিডেন্ট এখন যুক্তরাষ্ট্রে আছেন। সোমবার প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।
ওই সাক্ষাতেই ওবামাকে নেতানিয়াহু এসব কথা বলবেন বলে জানিয়েছেন ইসরায়েলি কূটনীতিকরা।
তিনদিন আগে শুক্রবার টেলিফোনে কথা বলেন ওবামা ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিন দশক পর এই দুটি রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রথমবারের মতো সরাসরি কথা বললেন। এতে পরবর্তীতে ইরানের নিউক্লিয়ার বিতর্ক নিয়ে দুনেতা একটি সমাধানে পৌঁছতে পারেন বলে আশাবাদ তৈরি হয়।
কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ যোগাযোগে কেঁপে ওঠে ইসরায়েল। এ বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে ওবামার সাক্ষাতে উত্তাপ ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা অসময়ে শিথিল করবেন না বলে নেতানিয়াহুকে আশ্বস্থ করার চেষ্টা করবেন ওবামা।
এছাড়া ইরানের বিষয়ে ইসরায়েলের সন্দেহকে ওবামা সহানুভূতির চোখে দেখবেন বলে আশা করা হচ্ছে। তবে রুহানির মনোভাব পরীক্ষা করতে তিনি দৃঢ় প্রতীজ্ঞ বলে জানিয়ে এর জন্য সময় দিতে নেতানিয়াহুকে তিনি চাপ দেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
এ পর্যায়ে নেতানিয়াহু ওবামাকে বলতে পারেন, কঠোর নিষেধাজ্ঞার কারণেই ইরান আলোচনার টেবিলে ফিরে আসতে বাধ্য হয়েছে, তাই নিষেধাজ্ঞা শিথিল না করে বরং আরো কঠোর করা উচিত, জানিয়েছেন ইসরায়েলের এক কর্মকর্তা।
ইরানের সঙ্গে ওবামা যেন কোনো চুক্তি না করে তার জন্য আহ্বান জানাবেন নেতানিয়াহু। ইসরায়েলি ওই কর্মকর্তা বলেন, “প্রেসিডেন্টকে তিনি বলবেন ‘খারাপ চুক্তি করা থেকে না করাই বেশি ভালো।’”
