২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ফের ভূমিকম্প, নিহত ১২

ভূমিকম্পে কয়েকশ মানুষ নিহত হওয়ার পর সপ্তাহ না পেরোতেই পাকিস্তানের বেলুচিস্তানে আবারো শক্তিশালী ভূম্পিকম্প হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 07:54 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

পুরনো খবর:

পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫১৫

শনিবার ৬ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে। বেলুচিস্তানের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে জানিয়েছে, বেলুচিস্তানের আওরান জেলার ৯৬ কিলোমিটার উত্তরপূর্বে ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়।

তবে পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং খুজদারের দেড়শ’ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এর কেন্দ্র ছিল।

আওরান জেলার ডেপুটি কমিশনার আব্দুল রাশেদ বালুচ জানিয়েছেন, শনিবারের ভূমিকম্পে নোক জো গ্রামে আটজন নিহত হয়েছে। আর মাশকেই এলাকায় নিহত হয়েছে চার জন। ভূমিকম্পে নোক জো গ্রামে ৬০টির বেশি মাটির ঘর ধসে পড়েছে।

নিহতের নতুন এই সংখ্যা নিয়ে দুটি ভূমিকম্পে মোট নিহতের সংখ্যা রয়টার্সের হিসাব অনুযায়ী ৫৩০ জনে এসে দাঁড়িয়েছে, আর মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে। তবে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন মোট নিহতের সংখ্যা ৩৭৪ বলে জানিয়েছে।

তবে কয়েক দিন আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট এখনো ঠিক না হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান বালুচ।

এদিকে বেলুচিস্তানে মঙ্গলবারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫১৫ জনে দাঁড়িয়েছে বলে আঞ্চলিক সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

মুখপাত্র বলেছেন, জঙ্গি আক্রমণের কারণে ভূমিকম্প বিধ্বস্ত কয়েকটি জেলায় উদ্ধার ও ক্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। জঙ্গিদের প্রতি সহিংসতা বন্ধ রাখার আবেদন জানিয়েছে সরকার।

ওই ভূমিকম্পে বিধ্বস্ত আওরানের বিভিন্ন ঘরবাড়ির ধ্বংসস্তুপ থেকে এখনো মৃতদেহ উদ্ধার হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আওরানের কাছে লাবাখে ৩ হাজার বাড়ির অর্ধেকেরও বেশি ভেঙে পড়েছে। যে ভবনগুলো দাঁড়িয়ে আছে তাতেও ফাটল দেখা গেছে।