পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫১৫
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫১৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক এক কর্মকর্তা।
বেলুচিস্তান আঞ্চলিক সরকারের একজন মুখপাত্র জানান, জঙ্গিদলের আক্রমণের কারণে ভূমিকম্প বিধ্বস্ত কয়েকটি জেলায় উদ্ধার ও ক্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। জঙ্গি দলগুলোর কাছে তাদের কার্যক্রম বন্ধ রাখার আবেদন জানিয়েছে সরকার।
মঙ্গলবারের ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত আওরান এলাকা পরিদর্শনের পর নিহতের নতুন সংখ্যা জানান বেলুচিস্তানের চিফ সেক্রেটারি বাবর ইয়াকুব। ঘরবাড়ির ধ্বংসস্তুপ থেকে এখনো উদ্ধার করা হচ্ছে মৃতদেহ।
আওরানের কাছে লাবাখে ৩ হাজার বাড়ির অর্ধেকেরও বেশি ভেঙে পড়েছে। যে ভবনগুলো দাঁড়িয়ে আছে তাতেও দেখা গেছে বিশাল ফাটল।
কোয়েটা থেকে বিবিসির এক সংবাদদাতা জানান, খারাপ রাস্তার কারণে সরকারি উদ্ধার কর্মীরা এখনো দুর্গত অনেক এলাকায় পৌঁছাতে পারেনি।
সরকারি সূত্র জানায়, ছয়টি জেলার প্রায় তিনলাখ মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের আরো খাবার ও পানি প্রয়োজন। সেখানে চিকিৎসক এবং ওষুধের অভাবও রয়েছে।
পাকিস্তানের আধা সামরিক এবং ফ্রন্টিয়ার কর্পস উদ্ধার ও ত্রাণ কাজে নেতৃত্ব দিচ্ছে।
জঙ্গিদল বেলুচ ন্যাশনালিস্টের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের কারণে ওই এলাকায় এরই মধ্যে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির জাতীয় ত্রাণ অধিদপ্তরের প্রধান মেজর জেনারেল আলম সাঈদ একটি আর্মি হেলিকপ্টারে ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত আওয়ারান এলাকা দিয়ে যাওয়ার সময় রকেট হামলার শিকার হন। এরপর ফ্রন্টিয়ার কর্পসের সদস্যরা সেখানে পাল্টা হামলা চালায়।
ভয়াবহ ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিলো আওয়ারানের উত্তর-পূর্ব অঞ্চলের ২০ কিলোমিটার গভীরে। এই অঞ্চলে জঙ্গিদের শক্ত ঘাঁটি রয়েছে।
ভূমিকম্পটি এতোটাই শক্তিশালী ছিলো যে এটা ভারতের রাজধানী দিল্লি এবং দুবাই থেকেও অনুভব করা গেছে।
