২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

`ভারত-পাকিস্তানের অস্ত্র প্রতিযোগিতা অপচয়’

নিউক্লিয়ার অস্ত্র প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান ব্যাপক সম্পদের অপচয় করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 03:29 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন বলে দ্য ডন জানিয়েছে।

ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন পর্ব শুরু করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আসন্ন বৈঠকের দিকে তাকিয়ে আছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “আমাদের দুটি দেশ অস্ত্র প্রতিযোগিতার পেছনে ব্যাপক সম্পদের অপচয় করছে। আমরা আমাদের জনগণের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সম্পদ ব্যবহার করতে পারি।”

জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে ভারত-পাকিস্তানসহ জাতিসংঘের প্রায় সব সদস্য রাষ্ট্রের সরকার প্রধানরা বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে সাধারণ অধিবেশনের পাশাপাশি রোববার নওয়াজ ও মনমোহনের বৈঠক হওয়ার কথা।

বৃহস্পতিবার ভারত অধিকৃত কাশ্মিরে পাকিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে প্রবেশ করা বিদ্রোহীদের গুলিতে কর্মকর্তাসহ কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনা সত্বেও মনমোহনের সঙ্গে পরিকল্পিত বৈঠকটি হবে বলে আশাবাদী পাকিস্তানি প্রধানমন্ত্রী।

চলতি বছরের মে মাসে নওয়াজ পাকিস্তানের প্রধানমন্ত্রী পুনঃনির্বাচিত হওয়ার পর মনমোহনের সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক।

গত তিন দশকে দুটি দেশই নিউক্লিয়ার অস্ত্র নির্মাণের পেছনে বিপুল ব্যয় করেছে।

তিনি আরো বলেন, “আমাদের সুযোগ এখনও আছে। পাকিস্তান ও ভারত একই সঙ্গে সমৃদ্ধ হতে পারে; আমাদের এ সহাবস্থানে পুরো অঞ্চলই লাভবান হতে পারবে।”

“ভারতের সঙ্গে অর্থপূর্ণ সংলাপের জন্য আমরা তৈরি হয়ে আছি,” বলেন তিনি।

একটি শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়ে নওয়াজ বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই স্বপ্ন দেখে আসছি আর আমাদের জনগণও এটিই চায়।”