২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই ভবন ধস: নিহতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে

ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৬১’তে দাঁড়িয়েছে। উদ্ধারকাজ অব্যাহত থাকলেও ঘটনার তৃতীয় দিনেও ভবনের ধ্বংসস্তুপের ভেতরে অনেকেই আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 12:01 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

শুক্রবার ভোরে দক্ষিণ মুম্বাইয়ের মাঝগাঁও এলাকার ডকইয়ার্ড সড়কে সরকারি কর্মকর্তাদের ওই আবাসিক ভবনটি ধসে পড়ে।

এ ঘটনায় আহত আরো ৩২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধ্বংসস্তুপের ভিতর আটকে পড়াদের উদ্ধারের চেষ্টায় উদ্ধারকারীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

নিহতদের মধ্যে নয়জন নারী রয়েছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন। নিহত অন্যান্যের মধ্যে একটি মারাঠি দৈনিক প্রত্রিকার এক সংবাদিকও রয়েছেন। নিহত সাংবাদিক যোগেশ অন্তত পাওয়ার (৩০) তার বাবার সঙ্গে ভবনটিতে বসবাস করতেন।

শনিবার বিকেলে ধ্বংসস্তুপ থেকে যোগেশের মৃতদেহ বের করে আনে উদ্ধারকারীরা। এর আগে তার বাবার মৃতদেহ উদ্ধার করা হয়। মা’সহ যোগেশের পরিবাবের অন্যান্য সদস্যরা গ্রামে বসবাস করেন।

ধ্বংসস্তূপের নিচে প্রায় ৩৬ জন চাপা পড়ে রয়েছেন বলে রোববার আশঙ্কা প্রকাশ করেছিলেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর কমান্ডার অলক ওয়াস্তি। তিনি জানান, ধ্বংসস্তূপ থেকে ৪০ জনেরও বেশি মানুষকে বের করে আনা হয়েছে। ৩০ বছরের পুরনো ওই ভবনে ২১টি পরিবার বাস করতো। মুম্বাইয়ের স্থানীয় সময় ভোর ৬টা ২৫ মিনিটে বাসিন্দারা ঘুমিয়ে থাকা অবস্থায় বিএমসির কর্মকর্তাদের আবাসিক ভবনটি ধসে পড়ে বলে এনডিটিভি জানিয়েছে। অগ্নিনির্বাপক বাহিনীর ১২টি ইউনিট উদ্ধার তৎপরতায় অংশ নেয়। উদ্ধার কার্যক্রম চালানোর সময় অগ্নিনির্বাপক বাহিনীর এক সদস্য আহত হয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, কয়েক বছর আগে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের(বিএমসি)একটি প্রতিনিধি দল ভবনটি পরীক্ষা করে জরুরি সংস্কার এবং সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার সুপারিশ করেছিল। কিন্তু সুপারিশ আর বাস্তবায়ন করা হয়নি। এই অবহেলার তদন্ত করে এ ঘটনায় জন্য কাউকে দায়ী পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছেন মুম্বাইয়ের মেয়র সুরেশ প্রভু। সুরেশ যাদব নামের মিউনিসিপ্যালের সাবেক এক কর্মকর্তা জানিয়েছেন, ভবনের চারটি তলায় ২৮টি কক্ষ ছিল, যার ২২টিতে সরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজন নিয়ে বাস করতেন। নিচতলায় একটি গুদাম ছিল, সেখানে বেশ কয়েকজন শ্রমিক বাস করতেন। নিয়ম বহির্ভূতভাবে ভবনের নীচতলা রূপান্তর করে গুদাম বানানোর দায়ে গুদাম মালিককে গ্রেপ্তার করা হয়েছে। ভবন ধসে নিহতদের মৃত্যুর জন্য তাকে দায়ী করা হয়েছে। মাঝগাঁওয়ের এই ভবনসহ গত ছয়মাসে মুম্বাইয়ে সাতটি ভবন ধসে পড়েছে। এসব ভবন ধসে শতাধিক মানুষ নিহত হয়েছে। ভারতের এই মেগাসিটিতে আরো ৯শ’ ৫০টি ঘোষিত ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। আরো কোনো দূর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষ সেসব ভবনের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা তা দেখার জন্য অপেক্ষায় আছে শহরটির উদ্বিগ্ন বাসিন্দারা।