২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে মুগাবের ‘ছিঃ’

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্র, সাবেক ঔপনিবেশিক শক্তি ব্রিটেন ও তাদের মিত্রদের তিরস্কার করেছেন জিম্বাবুয়ের বর্ষিয়ান প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। এসব শক্তি জিম্বাবুয়ের মানুষ ও সম্পদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Sep 2013, 02:39 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

ওই দেশগুলোকে জিম্বাবুয়ের ওপর থেকে তাদের “অবৈধ ও নোংরা নিষেধাজ্ঞা” তুলে নেয়ার জন্যও বলেছেন তিনি।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেয়ার সময় এসব কথা বলেন ৮৯ বছর বয়সী মুগাবে।

“ছিঃ, ছিঃ, ছিঃ আমেরিকার যুক্তরাষ্ট্র, ছিঃ ছিঃ ব্রিটেন ও তার মিত্ররা,” বলেন মুগাবে।

“জিম্বাবুয়ে জিম্বাবুইয়ানদের জন্য, এর সম্পদও তাদের জন্য। অনুগ্রহ করে আমার শান্তিপূর্ণ দেশ থেকে আপনাদের অবৈধ ও নোংরা নিষেধাজ্ঞা তুলে নিন,” বলেন তিনি।

জিম্বাবুয়ের ওপর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা জাতিসংঘ ঘোষিত রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘণ বলে দাবি করেন তিনি।

এসব নিষেধাজ্ঞাকে “ক্ষমতা পরিবর্তনে ব্যবহৃত বিদেশি-কৌশলের হাতিয়ার” হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান তিনি।

শ্বেতাঙ্গদের মালিকানাধীন বাণিজ্যিক খামার জব্দ করে কৃষ্ণাঙ্গদের মাঝে বিতরণ করার সময় কখনো কখনো সৃষ্ট সহিংসতার কারণে জিম্বাবুয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

পাশাপাশি ২০০০ সালের নির্বাচনী সহিংতার সূত্র ধরে মুগাবে ও তার সহযোগীদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ ও যুক্তরাষ্ট্র।

মুগাবে জানান, সংখ্যাগরিষ্ঠ ভূমিহীন জিম্বাবুইয়ানদের মধ্যে ভূমি পুনঃবিতরণের চেষ্টারত তার সরকারের বিরুদ্ধে শত্রুতা ও সহিংসতার ভিত্তি তৈরি করেছে এসব নিষেধাজ্ঞা।

তিনি বলেন, “আমাদের শান্তিপূর্ণ ও ছোট দেশটি প্রতিদিন বৃহৎ শক্তিগুলোর লোলুপতা ও অসহিষ্ণুতার হুমকির মধ্যে পার করে, অন্য রাষ্ট্র ও তার সম্পদকে নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব করার সীমাহীন ক্ষুধা এসব শক্তিগুলোর।”

১৯৮০ সালে ব্রিটিশ অধীনতা থেকে স্বাধীনতা লাভ করে জিম্বাবুয়ে। তারপর থেকে ৩৩ বছর ধরে একটানা দেশটি শাসন করে আসছেন মুগাবে। গত ৩১ জুলাই জিম্বাবুয়ের সর্বশেষ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন মুগাবে।