২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে হামলায় নিহত ৩১

ইরাকজুড়ে বিভিন্ন হামলায় অন্ততপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের স্থানীয় সরকার ও পুলিশ ভবন লক্ষ করে সমন্বিত এই হামলা চালানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Sep 2013, 03:09 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

সুনির্দিষ্ট লক্ষ্যেই বুধবার এই হামলাগুলো চালানো হয়েছে বলে পুলিশ ও সংবাদমাধ্যমসূত্রগুলো জানিয়েছে।

চলতি বছর সুন্নিপন্থী আল কায়েদাসহ বিদ্রোহী গোষ্ঠীগুলো ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে হামলা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে।

২০০৬-০৭ সময়ে দেশটিতে শিয়া ও সুন্নিসহ বিভিন্ন সম্প্রদায় এবং গোষ্ঠীর মধ্যে যে ভয়াবহ দাঙ্গা হয়েছিল তাই ফিরে আসার পদধ্বনি শোনা যাচ্ছে এসব হামলায়।

দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাওয়িজার স্থানীয় পরিষদ ভবন ও পুলিশ স্টেশনের বাইরে দুটি আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। এরপরই বিদ্রোহীরা সেনা সদস্যদের সঙ্গে গোলাগুলি শুরু করে। এই হামলায় তিন সেনা ও তিন বিদ্রোহী নিহত হয়। কর্মকর্তারা বলছেন, হামলার ধরন দেখে এটি আল কায়েদার কাজ বলেই মনে হচ্ছে।

মসুলে বুধবার সন্ধ্যায় পেতে রাখা বোমার বিস্ফোরণে সাতজন এবং তিকরিতের দক্ষিণাংশে রাস্তার পাশে পেতে রাখা বোমায় আরো পাঁচজন নিহত হন।

বাগদাদের উত্তরাঞ্চলের তাজে একদল সশস্ত্র বিদ্রোহী একটি গাড়ি লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে দুই বিশ্রামরত সেনা নিহত হন।

এছাড়াও বাগদাদের উত্তরাংশের শাব জেলায় অস্ত্রধারীরা একজন পুলিশ সদস্যের বাড়িতে হামলা চালিয়ে ওই পুলিশ ও তার স্ত্রী, তিন সন্তান এবং তার শ্যালিকাকে হত্যা করে।

বাগদাদের গাজালিয়া জেলার ব্যস্ততম বাণ্যিজ্যিক এলাকার রাস্তায় পেতে রাখা বোমায় পাঁচজন নিহত হন।

ইরাকে চলতি বছর বিভিন্ন সহিংসতায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে একটি পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছেন।