গুপ্তচরবৃত্তির জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনায় ব্রাজিল
ই-মেইলে নজরদারির জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে দেশটির বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ করেছে ব্রাজিল।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মঙ্গলবার ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মধ্য দিয়ে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন।
যুক্তরাষ্ট্রের এ গুপ্তচরবৃত্তির শিকার হয়েছিলেন রৌসেফ। তার ই-মেইল এ নজরদারি চালিয়েছিল মার্কিন গোয়েন্দারা।
এর প্রতিবাদে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সফর বাতিল করেছিলেন রৌসেফ।
কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের নজরদারির সমালোচনা করে তিনি একে ব্রাজিলের সার্বভৌমত্বের জন্য অপমানজনক এবং পুরোপুরি অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন।
জাতিসংঘ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে রৌসেফ বলেন, এভাবে মানুষের জীবন এবং অন্য দেশের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আর দেশের সঙ্গে দেশের, বিশেষ করে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে সম্পর্ক রক্ষার নীতিমালার জন্যও এটি আক্রমণাত্মক।
