২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ার শপিং মলে ফের প্রচণ্ড গুলির শব্দ

কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত শপিং মল ওয়েস্টগেটে আবার প্রচণ্ড গুলির শব্দ শোনা গেছে। কেনীয় নিরাপত্তা বাহিনী ওয়েস্টগেটের নিয়ন্ত্রণ নিয়েছে বলে এর আগে দাবী করা হয়েছিল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Sep 2013, 09:23 AM

Updated : 13 Oct 2022, 02:58 PM

পুরনো খবর:

কেনিয়ার শপিং মলে বিস্ফোরণ, গুলি
কেনিয়ার মলে হামলায় নিহত ৫৯, জিম্মি সঙ্কট

মঙ্গলবার রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক গোলাগুলির এ খবর জানিয়েছেন।

সোমালি আল শাবাব জঙ্গিদের হামলায় এই বিপণিবিতানটিতে অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কেনীয় কর্মকর্তারা।

জঙ্গিদের হামলা ও জিম্মি সঙ্কটে তিন দিনের অচলাবস্থার পর ওয়েস্টগেইট পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার কথা মঙ্গলবার দিনের শুরুতে জানিয়েছিল দেশটির নিরাপত্তা বাহিনী।

সোমবার সারাদিন ধরে গোলাগুলি ও একের পর এক বিস্ফোরণের পর রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভবনটির দখল নেয়ার সময় কোনো প্রতিরোধের সম্মুখিন হয়নি বলে জানিয়েছিলেন কেনিয়ার এক সরকারি কর্মকর্তা।

তবে হামলাকারীদের কেউ কেউ ভবনটিতে লুকিয়ে থাকতে পারে আশঙ্কায় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

সেই আশঙ্কাই বাস্তব হয়ে দেখা দিয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

কেনীয় সরকরি ভাষ্যে দাবী করা হয়েছিল, শেষ জিম্মিকে উদ্ধার করার পর মঙ্গলবার দিনের শুরুতে বিপণিবিতানটির প্রতিটি তলায় চূড়ান্ত তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যোশেফ ওলে লেঙ্কু বলেছিলেন, ওই ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে দেখা হয়েছে। সব জিম্মিই এখন মুক্ত।

স্থানীয় সময় গত শনিবার দুপুরে সোমালি জঙ্গি সংগঠন আল-শাবাবের এই হামলায় অন্তত ৬২ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন আরো অন্তত ১৭০ জন। তবে কেনিয়ার রেডক্রস বলছে, ৬৩ জন নিখোঁজ থাকার তথ্য তাদের কাছে আছে।

আল কায়েদার সঙ্গে সম্পর্কিত ইসলামি জঙ্গি গোষ্ঠি আল শাবাব হামলার দায় স্বীকার করেছে।

সোমবার সারাদিন ধরেই হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন ভবনটি ছেড়ে যায়। কিন্তু নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিদের ভাগ্যে কি ঘটেছে তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি।

ওই হামলায় আল শাবাবের কতোজন সদস্য অংশ নিয়েছিল তা স্পষ্ট না হলেও কেনীয় কর্মকর্তারা জানিয়েছেন ১০ থেকে ১৫ জন জঙ্গি হামলায় অংশ নিয়েছে।

এদের অন্তত তিন জন নিহত হয়েছেন বলে নিরাপত্তাবাহিনী দাবী করেছে।

আল শাবাবের বিদ্রোহ কবলিত সোমালিয়ায় আফ্রিকীয় বাহিনীর অংশ হিসেবে সেনা পাঠিয়েছিল কেনিয়া। কেনীয় সেনাদের অভিযানের মুখে সোমালিয়ার দখলকৃত বিভিন্ন এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয় আল শাবাব।

এর প্রতিশোধ হিসেবে ও সোমালিয়া থেকে কেনীয় সেনাদের প্রত্যাহারের দাবী এই হামলা চালানো হয়েছে বলে দাবী করেছে আল শাবাব।

স্বরাষ্ট্রমন্ত্রী ওলে লেঙ্কু সোমবার দুই জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন। এদের নিয়ে মোট তিন জঙ্গি নিহত হয়েছেন বলে জানান তিনি।

হামলায় অংশগ্রহণকারী জঙ্গিদের জাতীয়তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। হামলাকারীদের মধ্যে সোমলি ছাড়া অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন বলে কেনীয় কর্তৃপক্ষের ধারণা।

কেনীয় সেনাবাহিনীর প্রধান জুলিয়াস কারাঙ্গি বলেছেন, হামলাকারীরা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে।

কোনো হামলাকারীরা জাতীয়তার তথ্য প্রকাশ না করে তিনি বলেন, “আমরা এখানে বৈশ্বিক সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করছি।” নিহত হামলাকারীরা সবাই পুরুষ হলেও তারা নারীর পোশাক পরেছিল বলে জানিয়েছেন ওলে লেঙ্কু। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য সত্বেও এক গোয়েন্দা কর্মকর্তা ও দুজন সেনা জানিয়েছেন, নিহত জঙ্গিদের মধ্যে একজন শ্বেতকায় নারী রয়েছেন। তাকে লন্ডন বাস হামলার জন্য দায়ী আত্মঘাতী হামলাকারীর “বিধাবা স্ত্রী” সামান্থা লেথওয়েইথ বলে মনে করছে ব্রিটিশ সংবাদপত্রগুলো। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেনীয় কর্মকর্তারা। এ হামলায় ছয়জন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড। এছাড়া ওয়েস্টগেইটের ওই হামলায় কেনীয় প্রেসিডেন্টের এক ভাতিজা ও হবু স্ত্রী নিহত হয়েছেন। ঘানার জনপ্রিয় কবি কফি আউনুর (৭৮), একজন কূটনীতিকসহ দুইজন কানাডীয়, দুজন ফরাসী, দুই ভারতীয়, দুইজন দক্ষিণ আফ্রিকীয়, একজন অস্ট্রেলিয়, একজন চীনা ও এক ডাচ নারীও রয়েছেন নিহতদের মধ্যে।