২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া চুক্তিকে বিপর্যস্ত করছে পশ্চিমারা: রাশিয়া

প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকিসহ প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাসের জন্য চাপ দিয়ে পশ্চিমারা সিরিয়ার রাসায়নিক অস্ত্র চুক্তিকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Sep 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার এ অভিযোগ জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “তারা রুশ-যুক্তরাষ্ট্র চুক্তিকে সিরিয়ার বিপুল সংখ্যাক রাসায়নিক অস্ত্র থেকে বিশ্বকে রক্ষার সুযোগ হিসেবে দেখে না, রাশিয়া ও চীন যা অনুমোদন করে না এমন কিছু করার সুযোগ হিসেবে এটিকে দেখে তারা। যেমন সিরিয়া সরকারের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার বিধান রেখে প্রস্তাব পাস করার জন্য চাপ সৃষ্টি করছে এবং বিদ্রোহীদের আড়াল করছে।”

অগাস্টে গৃহযুদ্ধকবলিত সিরিয়ার রাজধানীর প্রান্তে রাসায়নিক অস্ত্র সারিন গ্যাস হামলায় বহু মানুষ হতাহত হয়। বিদ্রোহী অধ্যুষিত এলাকায় চালানো এ হামলার জন্য প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীকে দায়ী করে বিদ্রোহীরা। অপরদিকে হামলার জন্য বিদ্রোহীরাই দায়ী বলে দাবি করে আসাদ সরকার।

এ পরিস্থিতিতে এই হামলার জন্য আসাদ সরকারকে দায়ী করে দেশটিতে হামলার প্রস্তুতি শুরু করে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা। রাসায়নিক হামলায় ৪শ’ শিশুসহ ১৪শ’রও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র।

কিন্তু ঘরে-বাইরে সিরিয়া হামলার বিষয়ে বিরোধিতার সম্মুখীন হয়ে পিছু হটে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে সিরিয়ার রাসায়নিক অস্ত্র বিসর্জনের বিনিময়ে দেশটিতে হামলা না চালানোর প্রস্তাব দেয় রাশিয়া। প্রস্তাবটি লুফে নেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

রাশিয়ার প্রস্তাব মতো রাসায়নিক অস্ত্র আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে তুলে দিতে রাজি হয় সিরিয়া সরকার। চলতি মাসে এ বিষয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে একটি সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়।

এর ধারাবাহিকতায় নিজেদের রাসায়নিক অস্ত্রের বিস্তারিত তথ্য জাতিসংঘের কাছে জমা দেয় সিরিয়া। জাতিসংঘ প্রস্তাবিত রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতেও স্বাক্ষর করে দেশটি।

এর মধ্যে সিরিয়ার গ্যাস হামলা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনে হামলা জন্য কাউকে দায়ী করে কিছু বলা হয়নি। কিন্তু প্রতিবেদন অনুযায়ী সিরিয়া সরকারই হামলা চালিয়েছে বলে দাবি করে পশ্চিমারা, আর রাশিয়া দায়ী করে বিদ্রোহীদের।

সিরিয়া বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবে ‘প্রতিশ্রুতি না রাখলে’ সিরিয়ায় হামলা চালানোর বিধান রাখার জন্য চাপ সৃষ্টি করতে শুরু করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। এ নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর দ্বিমত সৃষ্টি হয়। এতে সিরিয়া বিষয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হওয়া সমঝোতায় অচলাবস্থা তৈরি হয়েছে।