২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাসচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

সিলেটের দক্ষিণ সুরমায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 06:57 PM

Updated : 23 Aug 2022, 06:57 PM

রোববার বিকাল ৫টায় মহাসড়কের রশিদপুরে এ দুর্ঘটনায় নিহত আলী আহমদ (১০) সুনামগঞ্জের ছাতক উপজেলার মাওনপুর গ্রামের আবুল বশরের ছেলে।

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত জানান, রশিদপুরে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস আলী আহমদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রশিদপুর বাজারে স্পিড ব্রেকার দেয়ার দাবিতে বিক্ষোভ করে।

পরে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সন্ধ্যা ৬টার দিকে যান চলাচল শুরু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  পাঠায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।