আফগানিস্তানে ৩ মার্কিন সৈন্য নিহত
আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তির গুলিতে তিন মার্কিন সৈন্য নিহত ও একজন আহত হয়েছে।
শনিবার আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে এ ঘটনা ঘটে।
ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের (আইএসএএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের পোশাক পরা এক ব্যক্তির গুলিতে তাদের তিন সদস্য নিহত হয়েছেন।
গত বছর থেকে ন্যাটো সেনাদের ওপর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। কয়েক মাস বিরতির পর শনিবার নতুন করে আবার এ ধরনের হামলার ঘটনা ঘটল।
এর আগে গত ৯ জুলাই কান্দাহার প্রদেশে একটি সেনা ক্যাম্পের ভিতরে এক আফগান সৈন্যের গুলিতে আন্তর্জাতিক বাহিনীর এক সদস্য নিহত এবং তিনজন আহত হন।
