২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় বিপণীবিতানে হামলা, নিহত ২০

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিপণীবিতানে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Sep 2013, 06:11 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

স্থানীয় সময় শনিবার দুপুরে নাইরোবির ওয়েস্টল্যান্ডস ডিস্ট্রিক্টের ওয়েস্টগেট বিপণীবিতানে এ হামলা হয়।

কেনিয়া রেড ক্রসের প্রধান আব্বাস গুলেট হামলায় হতাহতের সংখ্যা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মুখোশধারী হামলাকারীরা বিপণীবিতান ভবনে গ্রেনেড ছোড়ে। এ সময় ভবন থেকে অনেকে দৌঁড়ে বের হয়। অনেকে ভিতরে আটকা পড়ে।

এক পর্যায়ে পুলিশ এসে ভবনে অবস্থানরতদের বেরিয়ে আসার অনুরোধ জানায়। পরে বন্দুকধারীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়।

যুকেশ মান্নাশেহ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “তাদের সাধারণ অপরাধী বলে মনে হয়নি। এটা ডাকাতির ঘটনা নয়।”

হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে জানান তিনি।

বিপণীবিতানের মধ্যে অনেকে এখনো আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে কেনিয়ার পুলিশ। সোমালি জঙ্গি গোষ্ঠী আল শাবাব ওই বিপণীবিতানে হামলার হুমকি দিয়েছিল। সোমালিয়ায় কেনিয়ার সৈন্য পাঠানোর প্রতিবাদে এ হুমকি দিয়েছিল তারা।

বিপণীবিতানে অনেক ইসরায়েলির দোকান রয়েছে। হামলার সময় অন্তত চার জন ইসরায়েলি পালিয়ে আত্মরক্ষা করেছে, যাদের একজন সামান্য আহত হয়েছে।

কেনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এটা সন্ত্রাসী হামলা বলে ধারণা করা হচ্ছে। তাই বিষয়টিকে আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি।” তবে কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি। বিপণীবিতানে আটকে পড়াদের উদ্ধারে ওই ভবন ঘিরে রেখেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বন্দুকধারীরা অন্তত সাতজনকে জিম্মি করে রেখেছে। গোলাগুলিতে অন্তত এক হামলাকারী নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। সিএনএন বলছে, হামলাকারীরা বিপণীবিতানে ঢোকার সময়ে একজনকে গাড়ির মধ্যে এবং রাস্তায় দুজনকে গুলি করে। পাঁচ জন সশস্ত্র ব্যক্তিকে বিপণীবিতানের মধ্যে এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা গেছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। রয়টার্স জানায়, হামলার পর আতঙ্কিত লোকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। অনেকে বিভিন্ন দোকান এবং বিপণীবিতানে থাকা সিনেমা কমপ্লেক্সে লুকায়। একটি টয়লেট থেকেও কয়েকজনকে উদ্ধার করে পুলিশ। ১৯৯৮ সালে নাইরোবিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে আল-কায়েদার বোমা হামলায় দুই শতাধিক মানুষ নিহত এবং ২০০২ সালে ইসরায়েলি মালিকানাধীন একটি হোটেলে একই গোষ্ঠীর হামলার পর এই হামলাই দেশটিতে সবচেয়ে বড় ধরনের সন্ত্রাসী হামলা।