সিরিয়ার আজাজে যুদ্ধবিরতিতে রাজি বিদ্রোহীরা
সিরিয়ার আজাজ শহরে কয়েকদিনের লড়াইয়ের পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই বিদ্রোহী দল ‘ফ্রি সিরিয়ান আমি’ এবং ‘দ্য ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড সিরিয়া’ (আইসিস)।
আল কায়েদা সংশ্লিষ্ট ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড সিরিয়া বুধবার পশ্চিমা-সমর্থিত বিদ্রোহী দল ফ্রি সিরিয়ান আর্মির কাছ থেকে উত্তরাঞ্চলীয় ওই শহরটি দখল করে নেয়।
দুই দলের লড়াইয়ে শহরটিতে যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরেকটি যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। কিন্তু এখন দু’পক্ষ বন্দিবিনিময়সহ অন্যান্য পদক্ষেপ নিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতারা।
নর্দান স্টোর্ম ব্রিগেডের ফেইসবুকে পোস্ট করা হয়েছে একটি যুদ্ধবিরতি চুক্তি। এতে দু’পক্ষেরই সই আছে।
এ চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি করা, বন্দিমুক্তি দেয়া এবং তুরস্কের সঙ্গে সীমান্ত ফাঁড়ির দখল সংক্রান্ত বিরোধ নিয়ে বিদ্রোহী আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে দেশের অন্যান্য স্থানে দুই দলের বিদ্রোহীদের মধ্যে সংঘাতে এ যুদ্ধবিরতির কোনো প্রভাব পড়বে কিনা তা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না।
বিশ্লেষকরা বলছেন, ‘ফ্রি সিরিয়ান আর্মি’ ইসলামপন্থিদের থেকে নিজেদের দূরে রাখার দৃষ্টান্ত দেখাতে পারলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর কাছ থেকে তাদের অস্ত্র যোগান পাওয়ার সুযোগ বাড়বে।
