২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংসে নিশ্চিত নন পুতিন

সিরিয়ার রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংসের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও রাশিয়া করেছে তা শতভাগ সফল হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে অস্ত্রগুলো ধ্বংসের কাজ শেষ পর্যন্ত হবে বলে তিনি আশাবাদী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Sep 2013, 11:53 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

রাশিয়ার ভালদাইয়ে বৃহস্পতিবার সাংবাদিক ও বিশেষজ্ঞদের পুতিন বলেন, “সিরিয়ার রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংসের পরিকল্পনা সফল হওয়া নিয়ে আমি শতভাগ নিশ্চিত নই। তবে এই কয়েক দিনে ঘটা ঘটনাগুলো আমাদের আত্মবিশ্বাস যুগিয়েছে যে, এটা (অস্ত্র ধ্বংসের কাজ) হবে।“

অস্ত্রভাণ্ডার ধ্বংসের ব্যাপারে ১৪ সেপ্টেম্বর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হয়।

চুক্তিটি জরুরি ছিলো এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামী সপ্তাহে এর ভিত্তিতে কার্যপ্রণালী ঠিক করবে বলে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

ওয়াশিংটনে কেরি সাংবাদিকদের বলেন, “সিরিয়ার রাসায়নিক অস্ত্রের হাত থেকে বিশ্বকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই একটি কঠোর ব্যবস্থা গ্রহণ করা খুব জরুরি।“

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে।

অগাস্টে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে স্নায়ু বিকলকারী সারিন গ্যাস হামলায় বহু বেসামরিক মানুষের প্রাণহানীর পর এ হামলার জন্য বাশার আল আসাদ সরকারকে দায়ী করে সিরিয়া আক্রমণের হুমকি দেয় যুক্তরাষ্ট্র।

হামলার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহল দুভাগে বিভক্ত হয়ে যায়।

পরবর্তী সময়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই চূক্তিতে পৌঁছায়, আসাদের রাসায়নিক অস্ত্রভাণ্ডার আন্তর্জাতিক মহলের নিয়ন্ত্রণে থাকবে।

চূক্তি অনুযায়ী আসাদকে এ সপ্তাহের মধ্যে তার রাসায়নিক অস্ত্রভাণ্ডারের হিসাব করতে হবে এবং আগামী বছরের মাঝামাঝি নাগাদ সেগুলো ধ্বংস করতে হবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন খসড়া সিদ্ধান্তের বিষয়ে আলাপ আলোচনা করছে। পশ্চিমা বিশ্ব আশা করছে চুক্তি আইন মেনেই হবে।