২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম বিশ্বের সেরা সুন্দরী নাইজেরিয়ার আয়েশা

মুসলিম বিশ্বের নারীদের সুন্দরী প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জয় করেছেন নাইজেরিয়ার ওবাবিয়ি আয়েশা আজিবোলা (২১)।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 08:29 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

বিবিসি জানায়, বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ২০ জন প্রতিযোগীকে হারিয়ে ‘ওয়ার্ল্ড মুসলিমা-২০১৩’ বিজয় মুকুট জিতেন আয়েশা।

বাংলাদেশ, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং ব্রুনাই থেকে নারীরা ‘ওয়ার্ল্ড মুসলিমা’ প্রতিযোগিতায় অংশ নেয়।

অনলাইনে বাছাই প্রক্রিয়ায় অংশ নেয়া ৫শ’জনেরও বেশি নারীর মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগীদের বাছাই করা হয়।

এ সুন্দরী প্রতিযোগিতায় নারীরা হিজাব পরে প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পর্বের দৌড়ে অংশগ্রহণকারীদের জন্য তিনদিনের আধ্যাত্মিক প্রশিক্ষণসহ ভোরের নামাজের আগে হাঁটা এবং কোরআন পড়া বাধ্যতামূলক ছিল।

প্রতিযোগিতা শেষে সেরা সুন্দরীর খেতাব জয়ের আনন্দে কেঁদে ফেলেন আয়েশা। বিজয়ী হিসাবে অায়েশার নাম ঘোষণার পর মঞ্চে কোরআন তেলাওয়াত করেন তিনি।

পুরস্কার হিসেবে দুই হাজার ২শ’ ডলারসহ মক্কা ও ভারত সফরের সুযোগ পাচ্ছেন আয়েশা।

ইসলামের সৌন্দর্য বিশ্ববাসীকে দেখিয়ে দেয়ার আকাঙ্খা থেকেই এ প্রতিযোগিতায় আসা- আগের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আয়েশা। শিরোপা জয়ে তার সে আকাঙ্খাই যেন পূর্ণতা পেল।

২৮ সেপ্টেম্বরে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা শুরুর আগে শেষ হল মুসলিম নারীদের এ সুন্দরী প্রতিযোগিতা।

“মুসলিম নারীদের জন্যও যে বিকল্প রোল মডেল আছে তা দেখিয়ে দিতেই এ উদ্যোগ”, বলেন, একা শান্তি। যার উদ্যোগে তিনবছর আগে চালু হয় ‘ওয়ার্ল্ড মুসলিমা’ প্রতিযোগিতা।

বছর তিনেক আগে স্কার্ফ পরার কারণে চাকরিচ্যুত হন টিভি সংবাদ উপস্থাপিকা একা শান্তি। এরপরই তিনি ওই প্রতিযোগিতা চালু করেন।