২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না’

ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না বলে জানিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 02:44 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে রুহানি জানিয়েছেন, তেহরানের বিতর্কিত ইউরেনিয়াম মজুদ কার্যক্রম নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনা করার পূর্ণ ক্ষমতা তিনি রাখেন।

আর এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রুহানিকে চিঠি দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
ওবামার চিঠিকে রুহানি ‘ইতিবাচক ও গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন।

বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ওবামা ও প্রেসিডেন্ট রুহানির মধ্যে চিঠি বিনিময় হয়েছে।

হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি বলেন, “চিঠিতে প্রেসিডেন্ট ওবামা সুনির্দিষ্টভাবে জানিয়েছেন, ইরান যদি পর্যবেক্ষণ করতে দেয় যে তাদের পারমানবিক প্রকল্প শুধুমাত্র্র শান্তিপূর্ণ কারণে পরিচালিত হচ্ছে তবে যুক্তরাষ্ট্র পারমানবিক বিষয়টি নিয়ে তাদের সঙ্গে একটা সমাধানে যেতে প্রস্তুত।“

মাত্র একদিন আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইঙ্গিত দিয়েছিলেন, ইরান ভবিষ্যতে পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনার সময় প্রয়োজনীয় নমনীয়তা দেখাবে।

ইরানের পরমাণু সংস্থার প্রধান আলি আকবর সালেহ বুধবার তেহরানে সাংবাদিকদের বলেন, “পরমানু বিষয়ক সমস্যা সমাধানের জন্য যে কার্যক্রম শুরু হয়েছে তা নিয়ে আমরা খুবই আশাবাদী।“

বিতর্কিত পরমাণু কার্যক্রমের জন্য ইরানকে জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। যদিও দেশটির দাবি পুরোপুরি শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য তারা ইউরেনিয়াম মজুদ করছে। তবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ধারণা পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরান ইউরেনিয়াম মজুদ বাড়াচ্ছে।

এর আগে ইরান ১১ জন রাজবন্দীকে (৮ জন নারী ও ৩ জন পুরুষ) মুক্তি দেয়। যাদের মধ্যে মানবাধিকার আইনজীবী নাসরীন সোতোউদেহ ও রাজনীতিবিদ মহসেন আমিনজাদেহ আছেন।

এ বছরের শুরুতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রুহানি রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়ার অঙ্গীকার করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরো আধুনিক ও খোলামেলা সম্পর্ক স্থাপনেও আগ্রহী তিনি।

জাতিসংঘের সাধারণ সমাবেশে অংশ নেয়ার জন্য আগামী সপ্তাহে প্রেসিডেন্ট রুহানি নিউইয়র্ক সফরে যাবেন।