অর্থনৈতিক সঙ্কট আত্মহত্যার প্রবণতা বাড়ায়
ইউরোপ এবং অামেরিকায় আত্মহত্যার হার বেড়ে যাওয়ার জন্য সাম্প্রতিক অর্থনৈতিক সঙ্কটকেই দায়ী বলে মানছেন বিশেষজ্ঞরা।
২০০৮ সালে যুক্তরাষ্ট্র থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দার যে ঢেউ ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে তার প্রভাব নিয়ে ব্রিটিশ মেডিক্যাল জার্নালে তুলে ধরা ৫৪ টি দেশের ওপরকার বিশ্লেষণমূলক তথ্যে এ লক্ষণই দেখা গেছে।
গবেষণায় দেখা গেছে, অর্থনৈতিক সঙ্কট শুরুর বছরেই পুরুষদের মধ্যে আত্মহত্যার হার সামগ্রিকভাবে ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়।
যেসব দেশে মানুষ চাকরি হারিয়েছে বেশি সেসব দেশেই আত্মহত্যার প্রবণতা বেশি দেখা গেছে।
পুরুষদের আত্মহত্যার হার বাড়ে এ সময়ই। ওই বছরে অপ্রত্যাশিতভাবে আত্মহত্যার বাড়তি ঘটনা ঘটে প্রায় ৫ হাজারটি।
বেশিরভাগ আত্মহত্যাই ঘটে ইউরোপের ২৭ টি এবং আমেরিকার ১৮ টি দেশে।
ইউরোপে ১৫ থেকে ২৪ বছর বয়সীদের আত্মহত্যার হার বেড়ে যায়। অন্যদিকে, আমেরিকায় ৪৫ থেকে ৬৪ বছর বয়সীরাই বেশি আত্মহত্যা করে।
ইউরোপে নারীদের মধ্যে আত্মহত্যার হারে পরিবর্তন দেখা না গেলেও আমেরিকায় নারী আত্মহত্যার হার সামান্য বেড়েছে।
অর্থনৈতিক মন্দার মধ্যে থেকে মানসিক চাপই আত্মহনন প্রবণতা বেড়ে যাওয়ার কারণ বলে অভিমত গবেষকদের।
তবে গবেষণায় বিষয়টি প্রমাণিত না হওয়ায় এর সঙ্গে অন্যান্য বিষয় জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি গবেষকরা।
যুক্তরাজ্যের অক্সফোর্ড ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ছাড়াও হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একযোগে এ গবেষণা করেছেন।
