বিদ্রোহীদের রাসায়নিক হামলার ‘প্রমাণ’ দিল সিরিয়া
সিরিয়ার লড়াইয়ে বিদ্রোহীপক্ষের যোদ্ধারাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে- এ সংক্রান্ত নতুন কিছু ‘বস্তুগত প্রমাণ’ রাশিয়াকে দিয়েছে আসাদ সরকার।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ একথা জানিয়েছেন।
জাতিসংঘের দেয়া তদন্ত প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, পক্ষপাতদুষ্ট এবং একপেশে মন্তব্য করে তিনি বলেন, অস্ত্রপরিদর্শকরা কেবল ২১ অগাস্টের রাসায়নিক অস্ত্র হামলার ঘটনা খতিয়ে দেখেছেন। এর আগের তিনটি হামলার ঘটনা দেখেননি।
জাতিসংঘ প্রতিবেদনে ২১ অগাস্টের হামলার জন্য কোনো পক্ষকে দায়ী করা না হলেও পশ্চিমা দেশগুলো এর জন্য সরকারকে দায়ী করেছে। কিন্তু রাশিয়া এবং সিরিয়া এ হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করছে।
রাশিয়ার গণমাধ্যমে রিয়াবকভ জানান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকার তাকে বিদ্রোহী বাহিনীর রাসায়নিক অস্ত্র হামলার নতুন কিছু প্রমাণ দিয়েছে।
কিন্তু কি ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
‘আরটি নিউজ অর্গানাইজেশনে’ রিয়াবকভ বলেন, “আমাদেরকে মাত্র প্রমাণ দেয়া হয়েছে। এগুলো বিশ্লেষণ করে দেখা প্রয়োজন।”
বিবিসি জানায়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এরই মধ্যে এ সমস্ত তথ্য-প্রমাণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া হবে বলে জানিয়েছেন।
তিনি বলেন, দামেস্কে হামলার ঘটনার মতো রাসায়নিক অস্ত্র হামলায় বিদ্রোহীদের জড়িত থাকার অসংখ্য প্রমাণ আছে। একাজ কে করেছে তা আমাদেরকে খুঁজে বের করতে হবে।
