২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধাওয়া দিয়ে ধরা হল গাধাচোর

মাঝরাতে ভারতের ধূলিময় রাস্তায় পুলিশের গাড়ি তাড়া করছে চোরের গাড়িকে। শেষ পর্যন্ত চোর পাকড়াও হলো, উদ্ধার করা হলো খোয়া যাওয়া মাল। তবে সেটা কোনো সোনার গহনা বা প্রচলিত দামী কোনো বস্তু নয়। পুলিশ উদ্ধার করেছে আটটি গাধা!

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Sep 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

প্রাণীগুলো বিক্রির জন্য মহারাষ্ট্র থেকে চুরি করে অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

অন্ধ্রপ্রদেশের কোনো কোনো অঞ্চলের লোকজনের মধ্যে প্রচলিত বিশ্বাস হচ্ছে, গাধার মাংস খেলে শক্তি ও পুরুষত্ব বাড়ে।
এ কারণে অন্ধ্রপ্রদেশে গাধার মাংসের চাহিদা প্রচুর। কিন্তু গাধা কৃষিকাজে ব্যবহৃত হওয়ায় তারা নিজেদের চাহিদা পূরণ করতে পারে না। আর এটাই চোরদের জন্য সুযোগ করে দিয়েছে।

পুলিশের একজন সহকারী পরিদর্শক আর আর সৌদ জানান, প্রতিটি গাধা দশ হাজার রুপিতে বিক্রি হয়।

“চোরেরা পিকআপের সঙ্গে আস্তাবল জুড়ে নেয়। ফলে তারা একসঙ্গে ১০টির মতো গাধা নিয়ে চলতে পারে।“

সম্প্রতি কয়েক মাসে এভাবে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ভারতের কৃষকরা গরু বা বলদকে যেভাবে দড়ি দিয়ে বেঁধে রাখে সেভাবে গাধাকে কখনই বেঁধে রাখে না। যা চোরদের কাজ সহজ করে দিয়েছে। পুলিশের ধারণা অনেক গাধা চোর এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

“কারণ এখনো অনেক কৃষক তাদের গাধা হারানোর অভিযোগ নিয়ে আমাদের কাছে আসছে।“