যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন রৌসেফ
চলতি বছরের অক্টোবরে পূর্ব পরিকল্পিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। তার নিজস্ব যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য ব্রাজিলিয়ানের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির অভিযোগে এই সিদ্ধান্ত নিলেন রৌসেফ।
সফরটি বহাল রাখার লক্ষ্যে সোমবার রাতে রৌসেফের সঙ্গে টেলিফোনে ২০ মিনিট কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু ওবামার এই উদ্যোগ কাজে আসেনি।
হোয়াইট হাউস ও রৌসেফের দপ্তর, দুটি জায়গা থেকেই বলা হয়েছে, দু’পক্ষের সম্মতির ভিত্তিতেই সফরটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী কোনো সময় রাষ্ট্রীয় সফরটি অনুষ্ঠিত হবে।
তবে রৌসেফের সিদ্ধান্তের বিষয়ে জানেন এমন দুজন কর্মকর্তা জানিয়েছেন, শিগগির এ ধরনের কোনো সফরের সম্ভাবনা খুব কম।
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া গোয়েন্দা তৎপরতা তাদের আসন্ন বৈঠকের ওপর কালো ছায়া ফেলেছে বলে প্রেসিডেন্ট ওবামা ফোনে প্রেসিডেন্ট রৌসেফের সঙ্গে একমত হয়েছেন, তাই সফর স্থগিত করাই সবচেয়ে ভালো হবে বলে তারা মনে করেছেন।
গোয়েন্দাগিরির অভিযোগটি তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ওবামা। তবে এতে কয়েকমাস লেগে যাবে বলে জানিয়েছেন কার্নি।
সিআইএ’র আলোচিত সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যে জানা যায়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের ব্যক্তিগত ফোনালাপ, ইমেইল থেকে শুরু করে ব্রাজিলের সব শীর্ষ কর্মকর্তা ও রাষ্ট্রীয় তেল কোম্পানির ফোনে ও মেইলে গোয়েন্দাগিরি চালিয়েছে।
এমন তথ্য ফাঁস হওয়ার পর ব্রাজিল সরকারের শীর্ষ পর্যায়ে তোলপাড় শুরু হয়ে যায়। রাষ্ট্রীয় তেল কোম্পানির ওপর গোয়েন্দাগিরির উদ্দেশ্য বাণিজ্যিক, নিরাপত্তাজনিত নয় বলে অভিযোগ তোলেন রৌসেফ।
তাকে আসন্ন যুক্তরাষ্ট্র সফর বাতিল করার পরামর্শ দেয় তার শীর্ষ উপদেষ্টারা। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান রৌসেফ।
সফর বাতিল বিষয়ে এক বিবৃতিতে ব্রাজিল সরকার জানিয়েছে, “অবৈধ গোয়েন্দা নজরদারীর মাধ্যমে নাগরিকদের, কোম্পানিগুলোর এবং ব্রাজিল সরকারের যোগাযোগ ও তথ্যে হস্তক্ষেপের মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব লঙ্ঘণ করা হয়েছে। এ ধরনের আচরণ বন্ধুত্বপূর্ণ দুটি দেশের গণতান্ত্রিক সহাবস্থানের পথে অন্তরায়।”
“এ ধরনের গোয়েন্দা তৎপরতা বন্ধ করার প্রতিশ্রুতি সত্ত্বেও পূর্ব পরিকল্পনামতো সফরের লক্ষ্যে এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই।”
“এনএসএ’র গোয়েন্দাগিরির লক্ষ্য সন্দেহভাজন সন্ত্রাসীদের তৎপরতার ওপর নজর রাখা,” যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমন ব্যাখ্যাকেও আমলে নেয়নি ব্রাজিল।
রৌসেফের সফর বাতিলের এই সিদ্ধান্ত আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দুটি অর্থনীতির দেশের মধ্যে নতুনভাবে গড়ে ওঠা বিকাশমান সম্পর্কে একটি বড় ধাক্কা।
রৌসেফের এই যুক্তরাষ্ট্র সফরে খনিজ তেল অনুসন্ধান ও জৈব জ্বালানি নিয়ে চুক্তি হওয়ার কথা ছিল। এছাড়া ব্রাজিল বিমান বাহিনীর জন্য ৪ বিলিয়ন ডলারে ৩৬টি এফ-১৮ যুদ্ধবিমান কেনার কথা ছিল। এর সবই বাতিল করা হয়েছে।
ব্রাজিলের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের কৌশলগত আকাশযান তারা এমন একটি দেশ থেকে কিনতে পারেন না যাকে ব্রাজিল বিশ্বাস করে না।
