২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের রোষে পড়ার ঝুঁকিতে সু চি

মিয়ানমারের প্রধান বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাতের ধৃষ্টতা দেখিয়ে চীনের রোষানলে পড়ার ঝুঁকি নিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 06:32 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক সম্মেলনের ফাঁকে দালাই লামার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন সু চি।

প্রাগ সম্মেলনের আয়োজক সংস্থা ফোরাম-২০০০ এর মুখপাত্র ফিলিপ সেবেক এর বরাত দিয়ে ‘দ্য ব্যাংকক পোস্ট’ জানায়, রোববার ওই অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। এতে করে সু চি চীনের ক্ষোভ উস্কে দেয়ারই ঝুঁকি নিয়েছেন।

১৯৫৯ সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া আধ্যাত্মিক তিব্বতি নেতা দালাই লামাকে দেশদ্রোহী হিসেবেই দেখে আসছে বেইজিং।

তার সঙ্গে যে কোন বিদেশি নেতার সাক্ষাতকে অত্যন্ত খারাপ চোখে দেখে চীন। দশকের পর দশক ধরে দেশটি এ ধরনের সাক্ষাতের তীব্র বিরোধিতা করে আসছে।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দালাই লামার সঙ্গে সাক্ষাতের পর চীন তার সঙ্গে সাক্ষাত করতে অস্বীকৃতি জানায়।

সু চির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। সু চি এর আগেও গত বছর লন্ডনে দালাই লামা’র সঙ্গে বৈঠক করেছিলেন।