২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চতা কমে গেছে মাউন্ট ম্যাককিনলের

উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত ম্যাককিনলের নতুন উচ্চতা নির্ধারণ করা হয়েছে। আর এতে দেখা যাচ্ছে, পূর্বে পর্বতটির যে উচ্চতা নিরূপণ করা হয়েছিল বর্তমানে সেটি ৮৩ ফুট কম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 03:26 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

যুক্তরাষ্ট্রের ভূগোলবিদরা এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।

ভূগোলবিদদের প্রকাশ করা নতুন তথ্যে দেখা গেছে, পর্বতটির বর্তমান উচ্চতা ২০,২৩৭ ফুট। এর আগে ১৯৫২ সালে সর্বশেষ পর্বতটির উচ্চতা নিরূপণ করা হয়েছিল ২০,৩২০ ফুট।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপে ধারণা করা হচ্ছে, পর্বতটির উচ্চতা কমে যাওয়ার কারণ এবার উচ্চতা পরিমাপের ক্ষেত্রে আরো বেশি উন্নত ও সঠিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে অথবা আবহাওয়া পরিবর্তনের প্রভাবে এ ঘটনা ঘটেছে।

আলাস্কার ভূতাত্ত্বিক মানচিত্র হাল নাগাদ করার জন্য পরিচালিত কার্যক্রমের অংশ হিসেবে মাউন্ট ম্যাককিনলের উচ্চতা নতুন করে পরিমাপ করা হয়।

২০১২ সালে ইন্টারফেরোমেট্রিক সিনথেটিক অ্যাপারচার রাডার ব্যবহার করে মাউন্ট ম্যাককিনলের উচ্চতা নতুন করে নিরূপন করা হয়।