‘জাতিসংঘের প্রতিবেদনে সিরিয়াকে দায়ী করা হয়েছে’
দামেস্কের রাসায়নিক হামলার জন্য সিরিয়া সরকার দায়ী- জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে তাদের এ অভিযোগ নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূত দাবি করেছেন, প্রতিবেদনে হামলার প্রযুক্তিগত যে বিবরণ দেয়া হয়েছে তা প্রমাণ করে শুধু সিরিয়ার সরকারই ২১ অগাস্টের হামলার জন্য দায়ী হতে পারে।
অপরদিকে রাশিয়া দাবি করেছে, হামলার জন্য বিদ্রোহীদের দায়ী হওয়ার সম্ভাবনাও পাশ কাটিয়ে যাওয়া যায় না।
সারিন গ্যাস ভরা রকেট নিক্ষেপ করে হামলাটি চালানো হয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়েছে। হামলাটিকে “ঘৃণ্য অপরাধ” বলে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
এই রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। হুমকির পরিপ্রেক্ষিতে সিরিয়ার বিষয়ে নতুন প্রস্তাব নিয়ে হাজির হয় রাশিয়া। রাশিয়ার প্রস্তাবে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ভাণ্ডার আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে তুলে দেয়ার কথা বলা হয়।
এ নিয়ে দু’দেশের শীর্ষ কূটনৈতিক পর্যায়ে আলোচনার পর সিরিয়ার রাসায়নিক অস্ত্র হস্তান্তর নিয়ে রুশ-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি সই হয়, এতে সিরিয়াও সম্মতি দেয়।
হামলার জন্য কোন পক্ষ দায়ী, এ বিষয়টি জাতিসংঘের তদন্তের আওতাধীন না হওয়ায় তদন্ত প্রতিবেদনে বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি।
এ হামলার দায় কার হতে পারে এবং সে সম্পর্কে কি জানেন তা প্রকাশ করতে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন মহাসচিব বান কি মুন।
এ বিষয়ে তিনি বলেছেন, “এর জন্য কারা দায়ী সে সম্পর্কে আমাদের সবারই নিজস্ব ধারণা থাকতে পারে। কিন্তু এর জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার বিষয়ে কি পদক্ষেপ নেয়া যায় তা অন্যদেরই সিদ্ধান্ত নিতে হবে।”
