মারা গেলেন আফগান পুলিশের শীর্ষ নারী কর্মকর্তা
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মারাত্মক আহত আফগান পুলিশের সর্বজ্যেষ্ঠ নারী কর্মকর্তা লেফটেন্যান্ট নিগার সোমবার হাসপাতালে মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার একদিন পর মারা গেলেন তিনি।
এরআগে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর ধারণা করা হয়েছিল তিনি বেঁচে যাবেন।
রোববার হেলামান্দের প্রধান শহর লসকর গড়ে পুলিশ সদর দপ্তরের সামনে তাকে গুলি করা হয় বলে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াকের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মোটরসাইকেলে চড়ে আসা এক বন্দুকধারী নিগারকে গুলি করে পালিয়ে যায়।
৩৮ বছর বয়সী নিগারের ঘাড়ে গুলি লেগেছিল বলে জানিয়েছেন জাওয়াক। নিগারকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আফগানিস্তানে খুন হওয়া তৃতীয় নারী পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট নিগার।
নিগারের ওপর হামলা দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। নিগারের হত্যাকারীদের “আফগানিস্তানের শত্রু” বলে বর্ণনা করেছেন জাওয়াক।
হেলমান্দের পুলিশ একদিকে তালেবান বিদ্রোহী ও অপরদিকে মাদক ব্যবসায়ীদের হুমকির মধ্যে কাজ করে।
নিগার হেলমান্দ পুলিশের সিআইডি বিভাগের সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। নিগারের আগে একই পদে ছিলেন জনপ্রিয় পুলিশ কর্মকর্তা ইসলাম বিবি।
গত জুলাইতে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন বিবি। ৩২ জন নারী পুলিশ কর্মকর্তার কমান্ডার ৩৭ বছর বয়সী বিবি আফগান নারীদের রোল মডেল ছিলেন।
এর আগে ২০০৮ সালে কান্দাহারে লেফটেন্যান্ট কর্নেল মালালাই কাকারকে খুন করেছিল অজ্ঞাত বন্দুকধারীরা। পুলিশের নারীদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত বিভাগের কান্দাহার প্রধান কাকার আফগানিস্তানের সবচেয়ে নামকরা নারী পুলিশ কর্মকর্তা ছিলেন।
সাম্প্রতিক সময়ে নামকরা বেশ কয়েকজন আফগান নারী হামলার শিকার বা অপহৃত হয়েছেন।
গত ৫ সেপ্টেম্বর কলকাতার মেয়ে আফগান গৃহবধূ, লেখিকা ও সমাজসেবী সুস্মিতা বন্দোপাধ্যায়কে হত্যা করে জঙ্গিরা। এর আগে আফগান পার্লামেন্টের এক নারী সদস্যকে অপহরণ করে এক মাস আটক রেখে চলতি মাসের প্রথমদিকে মুক্তি দেয় জঙ্গিরা।
অগাস্টে এক আফগান নারী সিনেটরের গাড়িতে চোরাগোপ্তা হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে বিদ্রোহী জঙ্গিরা। এ হামলায় ওই নারী সিনেটরের নয় বছর বয়সী কন্যা নিহত হয়।
