২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের জবাবে রুশ পত্রিকায় লিখবেন ম্যাককেইন

সিরিয়া নিয়ে নিউ ইয়র্ক টাইমসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিবন্ধের জবাবে রুশ পত্রিকা প্রাভদায় প্রকাশের জন্য লেখা পাঠাবেন যুক্তরাষ্ট্রের বিরোধী দলীয় সিনেটর জন ম্যাককেইন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Sep 2013, 05:12 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শুক্রবার রিপাবলিকান দলের জ্যেষ্ঠ সিনেটর ম্যাককেইনের মুখপাত্র ব্রায়ান রজার্স বলেন, “সিনেটর ম্যাককেইন লেখা পাঠানোর প্রস্তাব পেয়ে খুশি এবং তিনি একটি লেখা পাঠাবেন।”

আগের দিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের মতামত বিভাগে পুতিনের একটি নিবন্ধ প্রকাশ হয়, যাতে বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপের জন্য ওয়াশিংটনের সমালোচনা করা হয়।

নিবন্ধে শান্তি প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান তুলে ধরা হয়।পক্ষান্তরে, যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে ‘নিষ্ঠুর বাহিনীর’ ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন পুতিন।

এ লেখা প্রকাশের পর যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনেক সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর অনুমোদন নিয়ে কংগ্রেসের বিতর্কের মধ্যে রুশ প্রেসিডেন্টের মতামত দেয়াকে ভালোভাবে দেখছেন না তারা।

“আমার রীতিমত বমি এসেছে,” প্রতিক্রিয়ায় বলেছেন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান রর্বাট মেনেনদেজ।

 সিরিয়ায় সামরিক হামলা চালাতে প্রেসিডেন্ট বারাক ওবামাকে অনুমোদন দিতে গত সপ্তাহে একটি প্রস্তাব পাস করে সিনেটের পররাষ্ট্র বিষয়ক প্যানেল, যার ১০ সদস্যের অন্যতম ছিলেন ম্যাককেইন ও মেনেনদেজ।

তবে সিরিয়ায় হামলা এড়াতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক তৎপরতা নতুন গতি পাওয়ায় ওই প্রস্তাবটি এখনো সিনেটে উত্থাপন করা হয়নি।

পুরনো খবর:

আমেরিকার জনগণকে পুতিন