মেক্সিকোতে শিক্ষক-পুলিশ সংঘর্ষ, গ্রেপ্তার ৩১
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে শিক্ষদের কয়েক সপ্তাহের লাগাতার অবস্থান ধর্মঘট ভেঙে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধর্মঘটী শিক্ষকদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার মেক্সিকো সিটির প্রাণকেন্দ্র জোকালো চত্বরে এ ঘটনা ঘটে।
রোববার ঐতিহাসিক এ চত্বরে মেক্সিকোর স্বাধীনতা আন্দোলনের বীরদের ঐতিহ্যবাহী স্মরণ অনুষ্ঠানে প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতোর নেতৃত্ব দেয়ার কথা রয়েছে। ২০১২ সালের ডিসেম্বরে দেশটির ক্ষমতা গ্রহণ করেছেন প্রেসিডেন্ট নিয়েতো।
নতুন শিক্ষা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষকরা কয়েক সপ্তাহ ধরে জোকালো চত্বর দখল করে সেখানে লাগাতার অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ চালিয়ে আসছিল। প্রেসিডেন্টের অনুষ্ঠানকে সামনে রেখে চত্বর খালি করার উদ্যোগ নেয় পুলিশ।
ধর্মঘটী শিক্ষকদের সরাতে জলকামান ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে পুলিশ। এ সময় কিছু প্রতিবাদী শিক্ষক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গ্রেপ্তারকৃতদের কেউ শিক্ষক নয় বলে এক বিবৃতিতে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কাদের গ্রেপ্তার করা হয়েছে পরিচয় প্রকাশ করে তাও পরিষ্কার করেনি মন্ত্রণালয়।
শিক্ষকদের এ ধর্মঘটে সরকারবিরোধী কিছু উগ্রবামপন্থী নেতৃত্ব দিচ্ছে বলে অভিযোগ করেছে সরকার।
ধারাবাহিক সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন নিয়েতো। এসেই শিক্ষা সংস্কারে হাত দিয়েছেন তিনি। কঠোর শিক্ষাব্যবস্থা সম্বলিত বিলটি চলতি মাসে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়েছে।
এই বিলে শিক্ষার কঠোর মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের দেয়া কিছু সুযোগ-সুবিধাও বাতিল করা হয়েছে। ফলে আন্দোলনে নেমেছে দেশটির ক্ষুব্ধ শিক্ষক সমাজ।
স্বাধীনতার জন্য ১৮১০ সালে স্পেনীয় দখলদারদের বিরুদ্ধে লড়াই শুরু করে মেক্সিকোর জনগণ। দীর্ঘ লড়াইয়ের পর ১৮২১ সালে দেশটি স্বাধীনতা লাভ করে।
