উড়িষ্যায় মাওবাদী ১৪ গেরিলা নিহত
ভারতের উড়িষ্যায় পুলিশের সঙ্গে ভয়াবহ বন্দুক যুদ্ধে এক নারীসহ অন্তত ১৪ জন মাওবাদী গেরিলা নিহত হয়েছেন।
উড়িষ্যার মালকানগিরি জেলায় শনিবার এ ঘটনা ঘটে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে পুলিশের ইন্সপেক্টর জেনারেল সুমেন্দ্রা প্রিয়দর্শী বলেন, “১৪ জন মাওবাদী গেরিলা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।“
ছত্তিশগড় সীমান্তের কাছে একটি বনের ভেতর বেশ কয়েক মিনিট ধরে এই বন্দুক যুদ্ধ চলে।
ধারণা করা হচ্ছে এবছর মে মাসে ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের গাড়িবহরে হামলার সঙ্গে নিহত মাওবাদীরা জড়িত ছিল।
স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও ডিস্ট্রিক ভলেন্টারি ফোর্স (ডিভিএফ) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
মালকানগিরির পুলিশ সুপার অখিলেশ্বর সিং এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, “কিছু বিস্ফোরক দ্রব্য, অস্ত্র, গুলি ও মাওবাদীদের কিছু বইপত্র সেখান থেকে জব্দ করা হয়েছে।“
এই অভিযানকে ওই অঞ্চলের বামপন্থী জঙ্গীদের বিরুদ্ধে একটি সফল অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছে।
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেবদত্ত সিং জানান, বন্দুক যুদ্ধের পর ওই বনে ব্যাপক ধড়পাকড় অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আঞ্চলিক রাজধানী ভুবনেশ্বর থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত মালকানগিরি মাওবাদীর শক্তঘাঁটি বলে পরিচিত।
