২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিতে অম্লান ৯/১১

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার ১২তম বার্ষিকী পালন করেছে গোটা দেশ।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 06:14 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

স্মৃতিতে অম্লান সেই দিনটি আরো একবার পরম শ্রদ্ধায় পালন করতে বুধবার সকালেই ভিড় জমে গ্রাউন্ড জিরোতে।


৯/১১ হামলায় নিহতদের প্রতি তাদের স্বজনদের সঙ্গে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পড়া হয় নিহতদের নাম, পালন করা হয় নীরবতা, প্রথা অনুযায়ী বাজানো হয় মৃদু সুর।


আজ থেকে ১২ বছর আগে ঠিক এই দিনে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা কাঁপিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্রের ভিত। বিমানের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েছিল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শতাধিক তলার টুইন টাওয়ার।


আক্রান্ত হয়েছিল মার্কিন সেনাবাহিনীর সদরদপ্তর পেন্টাগন, ওয়াশিংটন ডিসি এলাকা এবং পেনসিলভানিয়াও। হামলার ঘটনায় ২ হাজার ৯৮৩ জন নিহত হয়।


দিনটি স্মরণে প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনসহ প্রশাসনের অন্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা হোয়াইট হাউসের সাউথ লনে এক মুহূর্ত নীরবতা পালন করেন।


এরপর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগন মেমোরিয়ালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পরিকল্পনা ছিল ওবামার। তবে এবারের বর্ষপূর্তিতে রাজনীতিবিদদের বক্তব্য রাখার কোনো পরিকল্পনা ছিল না।


হামলার বর্ষপূর্তির দিনটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের ভেতরে-বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় আগেই।


গত বছর ১১ সেপ্টেম্বরের বর্ষপূর্তির দিনে লিবিয়ার বেনগাজিতে হামলায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ ৪ মার্কিনী নিহত হওয়ার ঘটনার কথা মাথায় রেখেই এ পদক্ষেপ নেয় সরকার।


৯/১১ দিবসকে কেন্দ্র করে কোনোরকম হামলা ঠেকানো এবং বিদেশে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওবামার জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সম্ভাব্য সবরকম চেষ্টা করে যাওয়ার কথা এক বিবৃতিতে জানায় হোয়াইট হাউস।


১১ সেপ্টেম্বরের ওই হামলার পর থেকেই যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে আফগানিস্তানে শুরু হয় দীর্ঘ যুদ্ধ। বাড়ানো হয় সরকারের নজরদারি। যে নজরদারি নিয়ে সম্প্রতি তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।