সিরিয়ার অস্ত্র নিয়ে জাতিসংঘ প্রস্তাবনার পথে ফ্রান্স
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য সেগুলো আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীনে আনতে ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তবনা পেশ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ল্যোহ ফ্যাবিউস।
সিরিয়া শর্ত না মানলে ‘অত্যন্ত মারাত্মক’ পরিণতি ভোগ করার হুমকি প্রস্তাবনায় থাকবে বলে মঙ্গলবার জানান ফ্যাবিউস।
রাশিয়া সোমবার সিরিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এড়াতে রাসায়নিক অস্ত্রভান্ডার আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে তুলে দিয়ে সেগুলো ধ্বংস করে দিতে রাজি হওয়ার প্রস্তাব দেয়ার পর ফ্রান্স এ উদ্যোগ নিচ্ছে।
সিরিয়া অবশ্য এরই মধ্যে রাশিয়ার প্রস্তাব মেনে নিয়েছে বলে জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু তারা এখনো জানায়নি।
রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লেম কেবল বলেন, সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের দেয়া প্রস্তাব এদিন সন্ধ্যায়ই মেনে নিয়েছে সিরিয়া। এতে করে মার্কিন আগ্রাসনের হুমকি দূর হবে।
মুয়াল্লেমের এ বক্তব্যের আগে প্যারিসে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ফ্যাবিউস বলেন, ফ্রান্সের ৫ দফা জাতিসংঘ প্রস্তবনায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র কর্মসূচি সম্পর্কে পুরোপুরি জানতে দেয়ার দাবি জানানো হবে।
সব রাসায়নিক অস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখার অনুরোধও করা হবে এতে।
এর আওতায় অস্ত্রগুলো পরীক্ষা-নিরীক্ষা করবেন অস্ত্রপরিদর্শকরা এবং অস্ত্র ধ্বংসের পক্রিয়াও চলবে আন্তর্জাতিক পর্যবেক্ষণে।
জাতিসংঘ সনদের চ্যাপ্টার-৭ এর আওতায় প্রস্তবনাটি উত্থাপন করা হবে বলে জানান ফ্যাবিউস। এ অনুচ্ছেদে শান্তি ফেরাতে সম্ভাব্য সামরিক কিংবা অ-সামরিক দু’ধরনের ব্যবস্থার কথাই উল্লেখ রয়েছে।
প্রস্তাবটি বাস্তবায়নের মধ্য দিয়ে সিরিয়ায় পশ্চিমা সামরিক হামলা এড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও প্রস্তাবটিকে খুবই ‘ইতিবাচক’ হিসাবে গুরুত্ব দিচ্ছেন।
মস্কো এরই মধ্যে সিরিয়ার বিষাক্ত গ্যাসের মজুদ আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে তুলে দেয়ার প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছে।
চীনও অস্ত্র সমর্পণের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে, সিরিয়ায় সামরিক হামলা চালানো নিয়ে মতবিভেদের মধ্যে বিশ্বের শক্তিধর দেশগুলোকে একাট্টা করতে এ এক বিরল উদ্যোগ।
