ক্ষমতা থেকে বিদায় নিলেন জারদারি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন।
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে পাঁচ বছর মেয়াদ শেষে রোববার তিনি বিদায় নিলেন।
পাকিস্তানের ইতিহাসে জারদারিই প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণ করতে পেরেছেন।
রোববার প্রেসিডেন্ট প্রাসদ ত্যাগ করার সময় তাকে সামরিক বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। সেনা সদস্যদের সঙ্গ করমর্দনও করেন তিনি।
৫৮ বছর বয়সী জারদারি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রয়াত নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী।
২০০৭ সালে বেনজির আততায়ির হামলায় নিহত হওয়ার পর পিপিপি ক্ষমতায় আসলে জারদারি দেশের প্রেসিডেন্ট হন।
তার ক্ষমতা ছাড়ার পরপরই সোমবার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন মামনুন হোসাইন।
পিপিপি সরকার পাকিস্তানের ইতিহাসে বেসামরিক সরকার হিসেবে প্রথম পাঁচ বছর মেয়াদ পূরণ করার পর নির্বাচনের মধ্য দিয়ে নওয়াজ শরীফ নেতৃত্বাধীন মুসলিম লীগের কাছে কিছুদিন আগে ক্ষমতা ছেড়েছে।
এরপর জারদারিও মেয়াদ শেষ করেছেন। এরই মধ্যে মামনুন হোসেইনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে পাকিস্তানের সংসদ।
চারটি প্রাদেশিক পরিষদ ও পার্লামেন্ট সদস্যদের ভোটে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়, যার রাজনৈতিক ক্ষমতা খুবই সীমিত।
জারদারি ক্ষমতায় থাকাকালে ২০১০ সালে প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন।
ক্ষমতায় থাকাকালে দেশটির সর্বোচ্চ আদালতের সঙ্গে কয়েকবার বিরোধ বাধে জারদারির। একারণে তাকে ক্ষমতা হারাতে হতে পারে বলেও ধারাণা করা হচ্ছিল।
তবে শেষ পর্যন্ত সফলভাবেই প্রেসিডেন্সি পাড়ি দিলেন জারদারি।
