২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের অনুমতি ছাড়াই রাসায়নিক অস্ত্র হামলা!

সিরিয়ার সেনাবাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুমতি না নিয়েই দামেস্কে রাসায়নিক অস্ত্র হামলা চালিয়ে থাকতে পারে বলে জার্মান গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির ‘বিল্ড’ পত্রিকা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Sep 2013, 10:48 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

রোববার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিভিন্ন ব্রিগেড এবং ডিভিশনের কমান্ডাররা গত সাড়ে চারমাস ধরে রাসায়নিক অস্ত্র হামলা চালানোর অনুমতির জন্য প্রেসিডেন্ট আসাদের কাছে ধর্না দিয়েছে। কিন্তু আসাদের পক্ষ থেকে তাদের অনুরোধ বারবারই প্রত্যাখ্যান করা হয়েছে।

সিরিয়া ভূখন্ডের কাছাকাছি থাকা জার্মান নৌ-বাহিনীর একটি গোয়েন্দা দল বেতারবার্তায় আড়িপেতে বিষয়টি জানতে পারে।

এর অর্থ দাঁড়ায়, আসাদ হয়ত ব্যক্তিগতভাবে দামেস্কের উপকন্ঠে গত ২১ অগাস্টের রাসায়নিক অস্ত্র হামলার অনুমতি দেননি, যাতে নারী ও শিশুসহ ১৪শ’র বেশি মানুষ নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করছে।

এ তথ্যের বিষয়ে বিস্তারিত জানতে জার্মানির গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

গত সপ্তাহে জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি’র গেরহার্ড শিন্ডলার পার্লামেন্টের প্রতিরক্ষা বিষয়ক কমিটিকে সিরিয়া সম্পর্কে গোপন এক ব্রিফিং দিয়েছিলেন।

সিরিয়ায় গৃহযুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারে বলে ধারণা দিয়েছিলেন তিনি।

তাছাড়া, শিন্ডলার এও বলেছিলেন, বিএনডি’র কাছে রাসায়নিক অস্ত্র হামলার জন্য আসাদ সরকারই দায়ী এর কোনো অকাট্য প্রমাণ না থাকলেও এমন অনেক প্রমাণই আছে যার ভিত্তিতে সরকারি বাহিনীকে দায়ী করা যায়।