২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বর্ণবাদী ও বিরোধীদের বিক্ষোভ, গ্রেপ্তার ১৬০

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইসলাম বিরোধী এবং বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনায় অন্তত ১৬০ জনকে আটক করেছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

শনিবার পূর্ব লন্ডনের মুসলিম অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসের কাছে এ ঘটনা ঘটে।

চরম ডানপন্থী ইংলিশ ডিফেন্স লিগের (ইডিএল) প্রায় ৫শ সদস্যের একটি দল ইসলাম বিরোধী মিছিল নিয়ে লন্ডনের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটসের দিকে যাওয়ার চেষ্টাকালে পুলিশ বাধা দেয়। এ সময় ইডিএলের নেতা টমি রবিনসনসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে আশঙ্কায় ইডিএল’র মিছিলের এলাকা ও সময় বেঁধে দিয়েছিল পুলিশ। পুলিশের এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে আর্জি জানিয়েছিল চরমপন্থী গোষ্ঠিটি, কিন্তু নিষেধাজ্ঞা বহাল রাখে আদালত।

এই সময় প্রায় হাজার খানেক মানুষ বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধী একটি মিছিল নিয়ে টাওয়ার ব্রিজ এলাকায় ইডিএল’র মিছিল যেখানে শেষ হওয়ার কথা সেদিকে যেতে চাইলে তাতেও বাধা দেয় পুলিশ।

এখান থেকে আরো ১শ’ ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরস্পর বিরোধী এই দুই দলকে পরস্পর থেকে দূরে রাখতে টাওয়ার হ্যামলেটস এলাকা ও সংলগ্ন টাওয়ার ব্রিজ এলাকায় প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, অনেককে আটক করা হলেও বড় কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। ইডিএলের মিছিল আটকানোর জন্য টাওয়ার হ্যামলেটস’র স্থানীয় এমপি পুলিশকে চিঠি দিয়েছিলেন বলেও জানান তিনি।

২০১১ সালে টাওয়ার হ্যামলেটে ইডিএল, পুলিশ ও ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিলো।

এবছর মে মাসে দক্ষিণ লন্ডনের রাস্তায় বৃটিশ সৈন্য লি রিগবাই হত্যাকাণ্ডের পর থেকে ইডিএল ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে আবারো উত্তেজনার সৃষ্টি হয়। এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক দুজনই বৃটিশ মুসলিম। নভেম্বরে তাদের বিরুদ্ধে আদালতে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।