লেবানন ও তুরস্কে মার্কিন দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধি
মধ্যপ্রাচ্যের লেবানন ও তুরস্কে কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিরাজমান হুমকির মুখে দেশটি এই পদক্ষেপ গ্রহণ করেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক আদেশে লেবানন থেকে কয়েকজন কূটনীতিককে সরে যেতে বলা হয়েছে এবং জরুরি নয় এমন ব্যক্তিদের তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর আদানার মার্কিন মিশন ছেড়ে আসার প্রস্তাব দেয়া হয়েছে।
এক সতর্কবার্তায় দেশটির পররাষ্ট্র দপ্তর নিজ নাগরিকদের লেবানন ও তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। এছাড়া তুরস্কের অন্যান্য অঞ্চলে অবস্থানরত মার্কিনিদের “সম্ভাব্য সহিংসতা থেকে সতর্ক থাকার” পরামর্শ দিয়েছে।
সতর্কতা জারির পর এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ বলেন, “এগুলো সম্ভাব্য হুমকি। অবশ্যই ওই এলাকায় যে উত্তেজনা বিরাজ করছে তার পরিপ্রেক্ষিতে, যাতে সিরিয়ার একটি ভূমিকা আছে।”
তবে সুনির্দিষ্ট কোনো হুমকির কথা তার জানা নেই বলে জানিয়েছেন হার্ফ।
“জরুরি নয় এমন ব্যক্তি ও পারিবারিক সদস্যদের” বৈরুত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে এবং তুরস্কের সিরিয়া সীমান্তের কাছে আদানা ছাড়ার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের ওই মিশনগুলো বন্ধ করা হয়নি এবং এখনও সেগুলোর কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে দেয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, “ওই অঞ্চলে বিদ্যমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সরকারি স্থাপনা ও কর্মীদের জন্য বিরাজমান হুমকি মোকাবিলায় আমরা এসব পদক্ষেপ নিয়েছি।”
সম্ভাব্য হুমকি বা বিরাজমান হুমকির বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আগামী ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার ১২ বছর পূর্তি। এর মাত্র কয়েকদিন আগে এই সতর্কতা জারি করা হল।
এই রকম এক সময়ে সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামার অভিপ্রায় নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক আরো তীব্র হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
