সিরিয়া সমস্যার কূটনৈতিক সমাধানের আহ্বান ইইউ’র
সিরিয়ায় সামরিক হামলা চালানোর বিরুদ্ধে সতর্ক করে কূটনৈতিক প্রচেষ্টায় সঙ্কট সমাধানের আহ্বান জানিয়েছেন শীর্ষ ইউরোপীয় কর্মকর্তারা।
সিরিয়ায় ২১ অগাস্টের রাসায়নিক অস্ত্র হামলায় ১৪০০’র বেশি মানুষের মৃত্যুকে অত্যন্ত ‘আপত্তিকর’ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ বলে বর্ণনা করলেও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারমান ভ্যান রম্পুই বলেন, সামরিক অভিযান এ সঙ্কট সমাধানে সহায়ক হবে না।
রাশিয়ায় জি-২০ সম্মেলনের আগে সাংবাদিকদের তিনি বলেন, সিরিয়া সঙ্কটের কোনো সামরিক সমাধান নয়। কেবলমাত্র রাজনৈতিক সমাধানই দেশটিতে ভয়ানক রক্তক্ষয়, মানবাধিকার লঙ্ঘন এবং ধ্বংসের ইতি ঘটাতে পারে।
তিনি বলেন, “ সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বানে আমরা শ্রদ্ধাশীল। কিন্তু একইসঙ্গে আমরা সিরিয়া সঙ্কট সমাধানে জাতিসংঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিচ্ছি”।
রম্পুইয়ের সঙ্গে একমত পোষণ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসোও।
এতে করে সিরিয়া ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান যুক্তরাষ্ট্রের বিপরীতমুখী হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
কেননা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এরই মধ্যে বলেছেন, সিরিয়ায় সামরিক হামলা চালাতে তিনি প্রস্তুত। এখন কেবল কংগ্রেসের অনুমতি দরকার তার। আগামী সপ্তাহেই এ ব্যাপারে কংগ্রেসে ভোট হওয়ার কথা।
