সিরিয়া অভিযান নিয়ে চীনের হুঁশিয়ারি
সিরিয়ায় সেনা অভিযান চালানো হলে বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছে চীন।
বৃহস্পতিবার দেশটির উপ-অর্থমন্ত্রী ঝু গয়াংগিয়াও এ হুঁশিয়ারি জানান।
বিশেষ করে তেলের মূল্য বেড়ে যাবে বলে তিনি দাবি করেছেন।
গ্রুপ-জি শীর্ষ সম্মেলন চলাকালীন এক ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “সেনা অভিযান বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। নির্দিষ্ট করে বললে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাবে।”
২১ আগস্ট দামেস্কর প্রান্তীয় এলাকায় রাসায়নিক হামলা চালানো হয়। এতে কয়েকশ’ মানুষের প্রাণহানী ঘটে। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমারাষ্ট্র সিরীয় সরকারকে দায়ী করেছে।
এ ঘটনায় দেশটির সরকারকে শাস্তি দিতে সেনা অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়ার দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে বিশ্বের পরাশক্তিগুলো দুইভাগে বিভক্ত হয়ে গেছে।
এর আগে সিরিয়ায় হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়া। তারই ধারাবাহিকতায় চীন এই হামলার পরিণতি সম্পর্কে নিজেদের মতামত জানালো।
প্রসঙ্গত, রাশিয়া ও চীন এই দুই পরাশক্তি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শুরু থেকেই সমর্থন জানিয়ে আসছে।
