বাগদাদজুড়ে বোমা ও গুলিতে নিহত ৬০
ইরাকের রাজধানী বাগদাদজুড়ে মঙ্গলবার চালানো ধারাবাহিক গাড়িবোমা হামলা ও গুলিতে প্রায় ৬০ জন নিহত হয়েছেন। প্রধানত শিয়া আবাসিক এলাকাগুলো লক্ষ করে হামলাগুলো চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
কারা এসব হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে হামলাগুলো পরস্পর সম্পর্কিত বলে ধারণা করছে পুলিশ। এসব হামলা আল কায়েদা সম্পর্কিত ইসলামপন্থী সুন্নি জঙ্গিরা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।
প্রতিবেশী সিরিয়ার সুন্নি-শিয়া গৃহযুদ্ধ ইরাকেও গভীর আন্তঃসাম্প্রদায়িক বিভাজন তৈরি করেছে। এতে শিয়া, সুন্নি ও কুর্দি প্রতিনিধিদের নিয়ে গঠিত জোট সরকারেও অস্বস্থিকর অবস্থা বিরাজ করছে।
বাগদাদের আলাদা আলাদা সাতটি এলাকায় বিস্ফোরণগুলো ঘটানো হয়। এতে অন্তত ৫০ জন নিহত ও বহু মানুষ আহত হয়।
মঙ্গলবার সবচেয়ে মারাত্মক বোমা হামলাটি হয়েছে উত্তর বাগদাদের তালবিয়া আবাসিক এলাকায়। এখানে একটি ব্যস্ত সড়কে এক গাড়িবোমা বিস্ফোরণেই নয়জন নিহত হয়।
তবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বাগদাদের উত্তর প্রান্তের হুসাইনিয়া এলাকায়। এখানে পরপর দুটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটনো হয়। এতে প্রাণ হারায় দশজন।
বাগদাদের কেন্দ্রীয় এলাকা কারাদায় একটি আইসক্রিমের দোকানের সামনে এক বিস্ফোরণে ছয়জন নিহত হন। পশ্চিমাংশের সুন্নি অধ্যুষিত সাদিয়া এলাকায় একটি থানার সামনে দুটি গাড়িবোমা বিস্ফোরণে আরো ছয়জন নিহত হন।
এছাড়া সদর সিটি, শুরতা, জাফারানিয়া ও আবু দাশিরেও গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসব বিস্ফোরণে আরো অন্তত ১৯ জন নিহত হয়।
মঙ্গলবার সকালে সরকার সমর্থিত এক বেসামরিক বাহিনীর সুন্নি সদস্যের বাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়ে ওই সদস্য ও তার তিন সন্তানসহ স্ত্রীকেও হত্যা করে করে। ডোরা এলাকায় বন্দুকধারীদের গুলিতে আরো দুজন নিহত হয়।
এছাড়া বাগদাদের বিভিন্ন জায়গায় থেকে পিছমোড়া করে হ্যান্ডকাপ লাগানো চোখ বাঁধা অবস্থায় গুলিবিদ্ধ চার ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
