সিরিয়া নিয়ে উত্তেজনার মধ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র পরীক্ষা
সিরিয়ায় সম্ভাব্য পশ্চিমা সামরিক হামলা নিয়ে টানটান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইসরায়েল।
আগে থেকে কোনো কিছু না জানিয়ে মঙ্গলবার ইসরায়েল অকস্মাৎ এ পরীক্ষা চালায়।
রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা প্রথম এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়ে বলেন, ভূমধ্যসাগরে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে। রাশিয়ার রাডারে তা ধরা পড়েছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, আগাম সনাক্তকরণ রাডার ‘আরমাভিরে’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি ধরা পড়েছে। এগুলো উপকূলে নয় বরং সাগরের পানিতে পড়েছে।
পরবর্তীতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, পেন্টাগনের বাহিনীর সঙ্গে তারা স্প্যারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
ইসরায়েল তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতা যাচাই করতে নিয়মিতই উপকূলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পরীক্ষা চালিয়ে থাকে বলে ওয়াশিংটনে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এ সময়টা উপযুক্ত কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সামরিক সক্ষমতা ধরে রাখতে ইসরায়েলকে কাজ করে যেতে হয়। আর তা করতে গেলে মাঠ পর্যায়ে মহড়া দেয়ার প্রয়োজন পড়ে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে এরকমই একটি সফল মহড়া চালানো হয়েছে।
বিবিসি সংবাদদাতারা বলছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা সাধারণত অনেক আগে থেকেই পরিকল্পনা করা হয়ে থাকে। কিন্তু উত্তেজনাপূর্ণ সময়ে এমন পরীক্ষা এ ইঙ্গিতই দিচ্ছে যে, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলাকে ইসরায়েল খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হামলা ইসরায়েলে পাল্টা হামলার পট প্রস্তুত করতে পারে বলে শঙ্কিত তেলআবিব। সিরিয়া কিংবা এর মিত্র দেশগুলো থেকে ইসরায়েল এ পাল্টা হামলার শিকার হতে পারে।
সিরিয়ায় হামলা চালানোর জন্য কংগ্রেসের অনুমতির অপেক্ষায় আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই ফাঁকেই শত্রুকে একা মোকাবেলা করার ব্যাপারে ইসরায়েলের সক্ষমতা জাহিরের চেষ্টা নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার তিনি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থাকে দেশের ‘লৌহ বেষ্টনী’ অাখ্যা দিয়ে বলেছেন, “এগুলো আমাদের নিজেদেরকে সুরক্ষিত রাখার শক্তি যোগায়। কেউ আমাদের ক্ষতি করার কথা ভেবে থাকলে তা না করাটাই শ্রেয় হবে”।
