২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় নিহত ২৪

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বিদ্রোহী ইসলামপন্থী সংগঠন বোকো হারামের সদস্যদের গ্রেপ্তার করতে যেয়ে জঙ্গিদের চোরাগোপ্তা হামলার শিকার হয়ে বেসামরিক স্বেচ্ছাসেবী বাহিনীর ২৪ জন সদস্য নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Sep 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

শনিবার এ খবর জানিয়েছেন স্বেচ্ছাসেবক বাহিনীর এক সদস্য ও নিরাপত্তা বাহিনীর এক সূত্র।

তরুণ স্বেচ্ছাসেবী মাস্তা মোহদ জানিয়েছেন, শুক্রবার স্বেচ্ছাসেবী বাহিনীর একশরও বেশি সদস্য বোকো হারামের জঙ্গিদের ধরতে মনঙ্গুনো শহরের বাইরে বোকো হারামের ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু শহরতলীতে যেয়ে পৌঁছামাত্রই দলটির ওপর চোরাগোপ্তা হামলা চালায় বোকো হারামের জঙ্গি সদস্যরা।

মোহদ বলেন, “বোকো হারামের ক্যাম্পে পৌঁছানোর আগেই স্বেচ্ছাসেবী দলটি হামলার শিকার হয়।”

হামলার সময় মনঙ্গুনোতে ছিলেন না মোহদ, কিন্তু বোকো হারামের হামলা থেকে বেঁচে ফিরে আসা সঙ্গীদের কাছ থেকে তিনি ঘটনার বিবরণ শুনেছেন।

সেনা ও পুলিশ সদস্যদের নিয়ে তৈরি যৌথবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বোকো হারামের হামলায় নিহতের সংখ্যা ২৪ জন বলে নিশ্চিত করেছেন।

কাঠের লাঠি ও ছুরিতে সজ্জিত বেসামরিক বাহিনীর স্বেচ্ছাসেবীদের ব্যবহার করে এ পর্যন্ত কয়েকশ জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে নাইজেরীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

বেসামরিক নাগরিকরা বোকো হারামের বিদ্রোহের বিপক্ষে অবস্থান নেওয়ায় সুবিধাজনক অবস্থানে আছে নাইজেরীয় সেনাবাহিনী। এ কারণেই চার বছর ধরে চলা এই বিদ্রোহ একই অবস্থানে ধরে রাখতে পেরেছে দেশটির সরকার।

গত মে’তে বোকো হারামের জঙ্গিদের নির্মূলে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন নাইজেরীয় প্রেসিডেন্ট গুডলাক জোনাথন। এই অভিযানে জঙ্গি গোষ্ঠিটি দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু আত্মগোপন থেকে বেরিয়ে আগের মতোই প্রাণঘাতী হামলার চালানোর সক্ষমতা অটুট আছে বলে প্রমাণ দিয়েছে গোষ্ঠিটি।