২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া অভিমুখে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ যুদ্ধজাহাজ

সিরিয়ায় সম্ভাব্য মার্কিন অভিযানের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরেকটি যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে উপস্থিত হয়েছে। এটি পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন অপর পাঁচটি মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দিতে অগ্রসর হচ্ছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Aug 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা একথা জানিয়েছেন।

নিজ দেশের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের জবাব দিতে সিরিয়ায় “সুনির্দিষ্ট ও সংক্ষিপ্ত” হামলা চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় অংশগ্রহণের উদ্দেশ্যে ক্রুজ মিসাইল সজ্জিত পাঁচটি ডেস্ট্রয়ারের পাশাপাশি যুদ্ধজাহাজ ইউএসএস সান আন্তোনিয়োকেও পাঠানো হয়েছে।

তবে ২২শ’ মেরিন সেনা বহনকারী উভচর এ জাহাজটি ভিন্ন উদ্দেশ্যে ওই এলাকায় পাঠানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করা হলেও এসব সেনাকে স্থলে নামানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তারা।

এই কর্মকর্তাদের মধ্যে একজন জানিয়েছেন, সান অন্তোনিয়োকে ভূমধ্যসাগরে পাঠানোর পরিকল্পনা অনেকই আগেই করা হয়েছে, তবে বর্তমান পরিস্থিতিতে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ডেস্ট্রয়ারগুলোর পাশাপাশি এটিকে মোতায়েন রাখাই বিচক্ষণ সিদ্ধান্ত হবে বলে মনে করছেন তারা।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “পূর্ব সতর্কতা হিসেবেই এটিকে সেখানে মোতায়েন করা হচ্ছে।”

বৃহস্পতিবার লোহিত সাগর থেকে সুয়েজ খালে প্রবেশ করে সান আন্তোনিয়ো। শুক্রবার জাহাজটিকে পূর্ব ভূমধ্যসাগরে মোতয়েন ডেস্ট্রয়াগুলোর সঙ্গে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়।