জাপানে ২২ বছরের মধ্যে সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট পরিকল্পনা
জাপানের প্রতিরক্ষামন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা খাতে বাজেট চলতি বছরের তুলনায় আগামী বছর ৩ দশমিক ০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা জানিয়েছে।
এতে করে জাপানের প্রতিরক্ষা বাজেট দাঁড়াবে ৪ হাজার ৮৯৭ কোটি ডলারে।২২ বছরের মধ্যে জাপানে এ খাতে বাজেট বৃদ্ধির হার এটিই সর্বোচ্চ।
পূর্ব চীন সাগরে সীমানা নিয়ে চীনের সঙ্গে বিরোধের মধ্যে জাপান ২০১৪ সালের এপ্রিল থেকে বাজেটে এ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছে।
সম্প্রতি কয়েক বছরে সরকারি ঋণ জর্জরিত জাপানে প্রতিরক্ষা খাতে খরচ কমলেও গত ডিসেম্বরে দেশটিতে প্রধানমন্ত্রী শিনজো আবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ১১ বছরের মধ্যে এ বছরই প্রথম প্রতিরক্ষা ব্যয় সবচেয়ে বেশি বাড়ান।
এবার তা আরো বাড়ানোর পরিকল্পনা শুক্রবার জানিয়েছে জাপানের প্রতিরক্ষামন্ত্রণালয়।
জাপানে ২০১১ সালের মার্চে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর অর্থনৈতিক পুনর্গঠনের জন্য সরকারি কর্মচারিদের বেতন কাঁটছাটের মতো সাময়িক কৃচ্ছ্র পদক্ষেপ নেয় সরকার।
এ সমস্ত পদক্ষেপের মেয়াদ শেষ হচ্ছে আগামী মার্চে। ফলে এর পরের মাস থেকেই বাড়ানো সম্ভব হচ্ছে প্রতিরক্ষা বাজেট।
সামরিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও মানুষবিহীন অত্যাধুনিক নজরদারি বিমান নিয়ে গবেষণাসহ অন্যান্য সামরিক বিমান উন্নয়নে বাজেটের অর্থ ব্যয় হবে।
