সিরিয়া নিয়ে অনড় ওবামা, প্রশ্নের মুখে ক্যামেরন
প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগতদের বিরুদ্ধে রাসায়নিক হামলা চালানোর অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ায় সামরিক অভিযান চালানো হলে দীর্ঘ মেয়াদে তার দেশ উপকৃত হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্য বলেছে, সিরিয়ায় সামরিক অভিযান চালানো হবে আইনগতভাবে বৈধ।
তবে সিরিয়ায় রাসায়নিক হামলা নিয়ে জাতিসংঘ পরিদর্শক দলের তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যান্ত সেখানে সামরিক অভিযান চালানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অপেক্ষা করতে হবে।
ওবামা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৃহস্পতিবার দিনের শেষভাগে সে দেশের কংগ্রেস সদস্যদের কাছে সিরিয়া নিয়ে সরকারের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর দেশটির সরকারি বাহিনী বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ এবং তার প্রতিবাদে ওয়াশিংটনের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে তাদের সঙ্গে যথাযথ আলোচনা করা হয়নি বলে কংগ্রেস সদস্যদের দাবির মুখে এ উদ্যোগ নিয়েছে ওবামা প্রশাসন।
যুক্তরাষ্ট্রের পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসকে (পিবিএস) দেয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের অনুগতরাই যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে ওয়াশিংটন নিশ্চিত হয়েছে। এ পরিস্থিতিতে সিরিয়ায় সামরিক অভিযান চালানো হলে দীর্ঘ মেয়াদে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থকে রক্ষা করবে।
তিনি বলেন, “আমরা যদি একটি স্পষ্ট ও চূড়ান্ত তবে খুবই সীমিত উপায়ে জবাব দিই, তাহলে দীর্ঘ মেয়াদে আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তা ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”
অবশ্য সিরিয়ায় কখন সামরিক অভিযান চালানো হবে- তা এখনো ঠিক করেননি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
সিরিয়ায় সামরিক অভিযান নিয়ে বৃহস্পতিবার যুক্তরাজ্যের পার্লামেন্টে বিতর্ক হয়। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সিরিয়ায় অভিযান চালানোর পক্ষে জোরালো অবস্থান তুলে ধরলেও তার বিরোধিতা করেছেন অনেক এমপি।
বিরোধী দল লেবার পার্টির নেতারা ২০০৩ সালের ইরাকে হামলা থেকে শিক্ষা নেয়ার ওপর গুরুত্ব দেন। বিতর্ক শেষে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে পার্লামেন্ট সদস্যদের বলা হয়েছে, জাতিসংঘ পর্যববেক্ষক দল প্রতিবেদন দেয়ার পর পার্লামেন্টে চূড়ান্ত ভোটের মাধ্যমে সিরিয়ায় অভিযানের বিষয়ে সিদ্ধান্ত হবে।
এদিন তৃতীয় দিনের মতো সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক হামলার স্থান ঘুরে দেখেছেন জাতিসংঘ অস্ত্র পরিদর্শকরা। শনিবার তারা সিরিয়া ত্যাগ করবেন বলে জাতিসংঘ মহাসচিব জানিয়েছেন।
ফ্রান্স ও জার্মানি যত দ্রুত সম্ভব পর্যাবেক্ষকদের তদন্ত প্রতিবেদন নিরাপত্তা পরিষদে উত্থাপনের জন্য বিশ্ব সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছে, যাতে ‘এ ধরনের ঘৃণ্য অপরাধের’ ব্যাপারে নিরাপত্তা পরিষদ যথাযথ ব্যবস্থা নিতে পারে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স বলছে, জাতিসংঘে মতৈক্য না হলেও তারা সিরিয়ায় সামরিক অভিযান চালাতে পারে। কারণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়া নিরাপত্তা পরিষদে সিরিয়াবিরোধী কোনো প্রস্তাবে ভেটো দিতে পারে।
যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র দেশ ব্যাপক তোড়জোড় করলেও অনেকে আবার চুপ রয়েছে। ইতালি বলছে,জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না।
পশ্চিমা কূটনীতিকরা বলছেন, মস্কোকে নিঃসঙ্গ হিসেবে তুলে ধরার জন্য তারা স্থায়ী ও অস্থায়ী সদস্য ১৫ দেশের প্রতিনিধিদের ভোট আয়োজন করবেন। এর মধ্য দিয়ে সিরিয়ায় বিমান হামলা চালানোর পক্ষে বেশিরভাগ দেশের অবস্থান দেখাতে চান তারা।
অবশ্য পার্লামেন্টে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, “নিরাপত্তা পরিষদে ব্যাপক বিরোধিতা হলে সিরিয়ায় অভিযান চালানোর বিষয়টি চিন্তা করা যাবে না।”
এদিন যুক্তরাজ্য সরকার সিরিয়ায় অভিযানের ব্যাপারে আইনি কাঠামো পর্যা লোচনা করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরীয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তাব আটকে গেলে মানবিক কারণে সেখানে অভিযান চালানো আইনগতভাবে বৈধ হবে।
অবশ্য রেড ক্রসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সিরিয়ায় অভিযান চালানোর বিষয়ে আরো সতর্কতা অবলম্বনের জন্য আহ্বান জানিয়েছে।
গত ২১ অগাস্ট আসাদ অনুগত বাহিনী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক হামলা চালায় বলে আসাদবিরোধীরা দাবি করছে। এ হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা।
