২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

ভারতের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতা ইয়াসিন বাটকলকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2013, 07:19 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বুধবার রাতে বিহারে ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসাদুল্লাহ আখতার ওরফে হাদি নামে তার এক সহযোগীও গ্রেপ্তার হন।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (আরএডব্লিউ) সহযোগিতায় ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এরপর বিহার পুলিশের কাছে ওই দুই জঙ্গি নেতাকে হস্তান্তর করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ‍মুম্বাই ও দিল্লিতে বোমা হামলার জন্য ইন্ডিয়ান মুজাহিদিনকে দায়ী করা হয়।

বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধ বলেন, “গত রাতে বিহার থেকে ইয়াসিন বাটকলকে গ্রেপ্তার করা হয়েছে।”

তিনি বিহার পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

লস্কর-ই- তৈয়বার বোমা বিশেষজ্ঞ আব্দুল করিম টুন্ডাকে গ্রেপ্তারের এক সপ্তাহের মাথায় ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে, যার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল মুম্বাই পুলিশ।

১৯৮৩ সালের ১৫ জানুয়ারি কর্নাটকের উপকূলীয় শহর বাটকলে জন্ম হয় ইয়াসিনের। ২০০৮ সালে রিয়াজ বাটকল ও আব্দুল সুবহান কুরেশিকে সঙ্গে নিয়ে তিনি ইন্ডিয়ান মুজাহিদিন গড়ে তোলেন বলে এনডিটিভি জানায়।

বিভিন্ন সূত্রে জানা যায়, বাবার গার্মেন্ট ব্যবসায় সহযোগিতা করার জন্য কয়েক বছর দুবাইয়ে ছিলেন ইয়াসিন। এরপর বাবার সঙ্গে মতের অমিল হওয়ায় দুবাই থেকে ভারতে ফেরেন। তার কট্টরপন্থী চিন্তাভাবনাকে সমর্থন না করায় বাবার সঙ্গে তার মতপার্থক্য দেখা দেয়।

দেশে ফিরে জঙ্গি তৎপরতায় যোগ দেন ইয়াসিন।  অনুদান হিসেবে ১৪ লাখ রুপি সংগ্রহ করে একটি নির্মাণ প্রকল্পে  বিনিয়োগ করেন। এখান থেকেই তিনি জঙ্গি কর্মকাণ্ডে অর্থের যোগান দিতেন বলে ভারতের গোয়েন্দারা জানান।

এক সময় বোমা বানানোতে পারদর্শী হয়ে ওঠেন ইয়াসিন। গত কয়েক বছর ধরে ইন্ডিয়ান মুজাহিদিন সদস্যদের প্রশিক্ষণ দেন তিনি।

ইয়াসিনের আসল নাম আহমেদ জারার সিদিবাবা। তবে শাহরুখ খান, সিবানন্দ ও ড. ইমরানসহ বিভিন্ন ছদ্মনামে চলাফেরা করতেন তিনি।

দিল্লি বোমা হামলায় জড়িত অভিযোগে সম্প্রতি ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য মো. সাইফ ও ইসমাইল চৌধুরী গ্রেপ্তার হন।  তাদের কাছ থেকে ইয়াসিন সম্পর্কে  বিস্তারিত জানতে পারে আইনশৃঙ্খলা বাহিনী।

ওই দুজন জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন, তারা ইয়াসিনের কাছে বোমা বানানো শেখেন।  বিহারে  ইন্ডিয়ান মুজাহিদিনের নতুন ঘাঁটি গড়ে তোলার লক্ষ্যে ইয়াসিন  মহারাষ্ট্র, দিল্লি ও কর্ণাটক থেকে জঙ্গি গোষ্ঠীটির তৎপরতা বাইরে ছড়িয়ে দেন।

বিহারকেন্দ্রিক কর্মকাণ্ড শুরু করার পর  ২০১০ সালে ব্যাঙ্গালোরে চিন্নাস্বামী স্টেডিয়াম এবং জামা মসজিদে তাদের প্রথম হামলা হয়।

২০০৬ সালে মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলা, ২০১০ সালে দিল্লিতে বোমা হামলা, একই বছর পুনেতে জার্মান ব্যাকারিতে বোমা হামলা এবং ২০১১ সালে দিল্লি হাই কোর্ট চত্বরে বোমা হামলা চালানোর পিছনে ইয়াসিনের বড় ধরনের ভূমিকা ছিল বলে মনে করে নিরাপত্তা বাহিনী।