২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসাঞ্জের নির্বাচনী কৌশল

অস্ট্রেলিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে সিনেট পদে প্রার্থী আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ প্রচারণার জন্য নতুন একটি কৌশলের আশ্রয় নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 02:54 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার এক বিখ্যাত শিল্পীর গানের ভিডিও প্যারোডি করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ধারণ করা এই ভিডিওটি সোমবার অস্ট্রেলিয়ার বিদ্রুপাত্মক রাজনৈতিক ওয়েবসাইট জুসি র‌্যাপ নিউজে প্রকাশ করা হয়েছে।

ভিডিওটিতে অ্যাসাঞ্জ বাদামী পরচুলা পরে গায়ক জন ফারনহার্মস এর ১৯৮৬’র হিট গান “ইউ আর দ্য ভয়েস” গানটির প্যারোডি করেছেন।

৭ সেপ্টেম্বরের নির্বাচনে নবগঠিত উইকিলিকস পার্টিকে সমর্থন দেয়ার জন্য ভিডিওটিতে আবেদন জানানো হয়েছে। এই নির্বাচনে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য থেকে সিনেট পদে প্রার্থী হয়েছেন তিনি।

জুলাই মাসে ভিডিওটি তৈরি করা হয়।

গত এক বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে প্রায় বন্দি জীবনযাপন করছেন অ্যাসাঞ্জ। ইকুয়েডর তাকে রাজনৈতিক আশ্রয় দিলেও ব্রিটিশ পুলিশের গ্রেপ্তার হুমকির ভয়ে দূতাবাস থেকে বের হচ্ছেন না তিনি।

যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন গোয়েন্দা বার্তা ফাঁস করে দিয়ে রাষ্ট্রটির কর্তাদের বিরাগভাজন হয়ে আছেন তিনি। তাকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র।