২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলার মুখোমুখি চীনা জেনারেলের ছেলে

দলগত ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন চীনের জেনারেলের কিশোর ছেলে। এই ঘটনায় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Aug 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 06:48 PM

বুধবার এই ধর্ষণ মামলার বিচারকাজ শুরু হয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবর অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৭ বছরের লি তিনায়ি আরো চার সহযোগীসহ বেইজিংয়ের একটি হোটেলে এক নারীকে যৌনপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছেন।

তিনায়ি’র পিতা চীনের জনমুক্তি ফৌজের (পিএলএ) জেনারেল লি শুয়ানজিয়াং। টেলিভিশনে ও রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে তিনি দেশাত্মবোধক গান পরিবেশন করে গায়ক হিসেবেও পরিচিতি পেয়েছেন।

তিনায়ি’র মা মেঙ জি’ও পিএলএ’র খ্যাতনামা কণ্ঠশিল্পী।

কিশোর তিনায়ি এবারই প্রথম আদালতের মুখোমুখি হলেন এমন নয়। ২০১১ সালে একটি বিএমডব্লিউ গাড়ি চালানোর সময় আরেকটি গাড়ির ওপর নিজের গাড়ি উঠিয়ে দিয়েছিলেন, এতে ক্ষান্ত না হয়ে অপর গাড়িতে থাকা এক দম্পতিকে মারধর করেছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা পুলিশ ডাকলে তিনি তাদেরও গালাগাল করেছিলেন। এ ঘটনার সাজা হিসেবে তাকে এক বছর কিশোর সংশোধন কেন্দ্রে থাকতে হয়েছিল, তার পিতা ঘটনার জন্য বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছিলেন।

চীনের রাজনৈতিক অভিজাতদের সর্বশেষ এ ঘটনা কয়েক সপ্তাহ ধরে সংবাদের শিরোনাম হয়ে আছে। এই শ্রেণীটিকে আইনের ঊর্ধ্বে ও দুর্নীতিবাজ বলে মনে করেন চীনের সাধারণ মানুষ।

সাবেক শীর্ষ রাজনীতিবিদ বো জিলাইয়ের ঘটনার পর এটিই এখন চীনের শীর্ষ রাজনৈতিক পরিবারগুলোর সদস্যদের আইনের তোয়াক্কা না করার সর্বশেষ নজির।

বিষয়টি নিয়ে এক প্রতিক্রিয়ায় চীনের রেনমিং বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ক অধ্যাপক ঝ্যাং মিঙ বলেন, “তিনায়ির পরিবার তাদের সম্পর্ক ও প্রভাবের কারণে তাদের যোগাযোগগুলো নিজেদের পক্ষে ব্যবহার করতে সমর্থ হবে বলে সাধারণ মানুষ মনে করছে, এ কারণে তারা উদ্বিগ্ন বোধ করছে।”

তিনি জানান, চীনে এই ধরনের ক্ষমতার অপব্যবহার বেশ প্রচলিত, সব জায়গায় এর প্রয়োগ দেখা যায়, তাই জনগণের উদ্বেগ অমূলক নয়।