সিরিয়ায় জাতিসংঘদলের গাড়িবহরে স্নাইপারদের হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্র হামলাস্থল পরিদর্শন করতে যাওয়া জাতিসংঘের পরিদর্শক দলের গাড়িবহরে গুলি চালিয়েছে স্নাইপাররা।
জাতিসংঘের এক মুখপাত্র জানান, বাফার জোন এলাকায় রাসায়নিক অস্ত্র পরিদর্শক দলের গাড়িবহরের প্রথম গাড়িটি লক্ষ্য করে কয়েকবার গুলি চালায় স্নাইপাররা।
এতে করে গাড়ি অকেজো হয়ে পড়ে এবং পরিদর্শকরা ফিরে যেতে বাধ্য হন। গাড়িটি বদলানো মাত্রই পরিদর্শকরা আবার কাজ শুরু করবে বলে জানান তিনি।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ ঘটনার জন্য প্রেসিডেন্ট আসাদ-বিরোধী ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। তবে এ দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
দামেস্কের উপকন্ঠে ২১ অগাস্টে চালানোর একটি রাসায়নিক অস্ত্র হামলাস্থল পরিদর্শনে যাওয়ার চেষ্টায় ছিল জাতিসংঘ দলটি। ওই হামলায় শ’ শ’ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরাসহ প্রেসিডেন্ট আসাদ-বিরোধীরাও।
সিরিয়া সরকার রোববার জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদেরকে ওই স্থানে তদন্ত চালাতে দিতে রাজি হওয়ার পর সেখানে রওনা দিয়েছিলেন পরিদর্শকরা।
২০-সদস্যের তদন্ত দল রাসায়নিক অস্ত্র হামলার তিনটি ঘটনা খতিয়ে দেখতে গত ১৮ অগাস্ট থেকে সিরিয়ায় অবস্থান করছে।
সোম এবং মঙ্গল দুইদিনে ৫ টি স্থান থেকে মাটি, রক্ত, মূত্র এবং টিস্যুর নমুনা পরীক্ষাগারে পরীক্ষ করে দেখার জন্য সংগ্রহ করার কথা রয়েছে তাদের।
