২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে বিচারের মুখে মুবারক ও ব্রাদারহুড নেতারা

মিশরে সরকারবিরোধী আন্দোলনকারীদের হত্যার অভিযোগে একই সময়ে বিচারের মুখোমুখি সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক ও তার পতনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসা মুসলিম ব্রাদারহুডের নেতারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Aug 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 06:46 PM

২০১১ সালে তাহরির স্কয়ারের গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ৩০ বছরের শাসক হোসনি মুবারক। পতনের পর থেকে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় জড়িত অভিযোগে তিনি ও তার স্বরাষ্ট্রমন্ত্রী এখনো বিচারের মুখে|

ওদিকে, মুবারক পরবর্তী সময়ে মিশরের ইতিহাসে প্রথম অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি।

গত ৩ জুলাই আরেকবার গণবিক্ষোভের মুখে সেনাবাহিনী ইসলামপন্থী মুরসিকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গঠন করে। দ্বিতীয় দফায় শুরু হওয়া বিক্ষোভের সময় আন্দোলনকারীদের হত্যার অভিযোগে মুরসি ও তার দলের শীর্ষ তিন নেতা এখন বিচারের মুখোমুখি।

এ নিয়ে দেশটির অন্যতম সংবাদপত্র আল শোরুক ডেইলি শিরোনাম করেছে- ’বিচারের মুখে দুই শাসকগোষ্ঠি।’

একই মামলায় মুবারক ও তার মন্ত্রী হাবিব আল আদলির যাবজ্জীবন কারাদণ্ড হয়। তবে আসামিপক্ষের আপিলের পর বিচার কাজ আবার শুরু হয়। দ্বিতীয় দফা বিচার চলাকালে জামিন নিয়ে এখন কারাগারের বাইরে গৃহবন্দি আছেন মুবারক।

রোববার মুবারককে তার দুই ছেলে গামাল ও আলাসহ আদালতে হাজির করা হয়। সানগ্লাস ও সাদা পোশাক পরা সাবেক এই স্বৈরশাসককে অসুস্থতার কারণে হুইল চেয়ারে করে আদালতে
আনা হয়|

একই দিন ক্ষমতাচ্যুত দল ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মাদ বাদেই, তার দুই উপ-প্রধান খয়রাত আশ-শাতের ও রামাদ বাইউমি’র মামলার শুনানি হলেও তাদেরকে নিরাপত্তাজনিত কারণে আদালতে হাজির করা হয়নি। আগামী ২৯ অগাস্ট মামলার কাজ আবার শুরু হবে।